August 9, 2026, 8:45 am

নির্বাচনি এলাকার নারী-শিশু নিয়ে এমপিদের কাজ করতে বললেন স্পিকার

নির্বাচনি এলাকার নারী-শিশু নিয়ে এমপিদের কাজ করতে বললেন স্পিকার

স্টাফ রিপোর্টার

নারী ও শিশুদের জন্য সরকারের গৃহিত বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে নিজ নিজ নির্বাচনি এলাকায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

স্পিকার বলেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় বাস্তবায়নাধীন ল্যাকটেটিং ভাতা, মাতৃত্বকালীন ভাতা, পুষ্টি কার্যক্রম এবং মা ও শিশু সহায়তা কার্যক্রমের মধ্যে সমন্বয় জরুরি। এসব প্রকল্পসহ বাল্যবিবাহ প্রতিরোধ, যুব উন্নয়ন ও মাতৃস্বাস্থ্য উন্নয়নেও সংসদ সদস্যরা নিজ নিজ নির্বাচনি এলাকায় প্রয়োজনীয় উদ্যোগ নেবেন।

বৃহস্পতিবার সংসদ ভবনের শপথ কক্ষে ‘চেঞ্জিং পপুলেশন ডায়নামিকস অ্যান্ড ইটস ম্যানেজমেন্ট’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় ও ইউএনএফপিএ’র যৌথ উদ্যোগে বাস্তবায়নাধীন স্ট্রেনদেনিং পার্লামেন্টস ক্যাপাসিটি ইন পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ইস্যুজ (এসপিসিপিডি) প্রকল্প কর্মশালাটি আয়োজন করে।

কর্মশালায় স্পিকার বলেন, দেশের মোট জনসংখ্যার অর্ধেক নারী। তাই নারী ও শিশুকে সমানভাবে গুরুত্ব দিতে হবে। দেশের তরুণ সমাজকে উন্নয়নের ধারায় সম্পৃক্ত করতে সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষায় শিক্ষিত করা জরুরি। এ সময় তিনি তরুণদের কর্মক্ষমতাকে কাজে লাগাতে কর্মপরিকল্পনা গ্রহণের জন্য সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানের শুরুতে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদদের এবং একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

কর্মশালায় সূচনা বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি। স্বাগত বক্তব্য রাখেন এসপিসিপিডি’র প্রকল্প পরিচালক এম এ কামাল বিল্লাহ।

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ মইনুল ইসলাম। মুক্ত আলোচনা সেশন সঞ্চালনা করেন বাংলদেশ জাতীয় সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান। কর্মশালায় বিষয়ভিত্তিক বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আ ফ ম রুহুল হক, সংসদ সদস্য অ্যারোমা দত্ত ও পরিকল্পনা কমিশনের সদস্য সিনিয়র সচিব ড. শামসুল হক। কর্মশালায় সংসদ সদস্য ও জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com