August 9, 2026, 9:38 am
আজ, ৯ জুলাই, ২০২০, বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার ঘাটুরা গ্রামে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। ঘাটুরায় সরকারী জায়গায় কবরস্থান হওয়ায় আহমদী মুসলিম ও সুন্নী মুসলিমরা এতদিন গোরস্তানের চিহ্নিত দুই অংশে লাশ মাটি দিয়ে আসলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। লাশ কবর দেয়া নিয়ে আহমদী ফেরকার মুসলমানদের মধ্যে কোনো বিরোধ সৃষ্টি হয়নি। কিন্তু আজ হঠাৎ করোনা পরিস্থিতিতে কেন লাশ কবর দেয়া নিয়ে আহমদী বিরোধীতার সূত্রপাত তা নিরপেক্ষভাবে তলিয়ে দেখা দরকার।
ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করি। জানা যায়, মৃত্যুবরণকারী শিশুটি আহমদীয়া জামাতের সদস্য মোহাম্মদ সাইফুল ইসলামের কন্যা। শিশুটির বয়স মাত্র ৩দিন। সকাল ৮টার দিকে ঘাটুরা সরকারী কবরস্থানে তাকে দাফন করা হয়। লাশ দাফন করার পর পরই গ্রামে এক শ্রেণীর বিশৃঙ্খলা সৃষ্টিকারী সাম্প্রদায়িক গোষ্ঠী মাইকিং করে উত্তেজনা ছড়িয়ে দেয় এবং আহমদী শিশুর লাশ কবর থেকে তুলে ফেলে দেয়। আহমদী বিরোধীদের অভিযোগ হলো আহমদী মুসলিম সম্প্রদায়ের লোকেরা কাদিয়ানী। তারা মুসলমান নয়। তাই সরকারী গোরস্তানে আহমদীদের মৃত লাশ কবর দিতে দেয়া হবে না। এভাবে আহমদী বিরোধী উত্তেজনা ছড়িয়ে উগ্রপন্থী সাম্প্রদায়িক গোষ্ঠী একত্রে জড়ো হয় এবং জোরপূর্বক কবর থেকে শিশুর লাশ তুলে ফেলে দেয়। অথচ এই শিশুর অনেক আত্মীয় স্বজনেরই কবর এই সরকারী কবর স্থানে রয়েছে।
পরবর্তীতে সেই লাশ ব্রাহ্মণবাড়িয়া সদরে আহমদীয়াদের নিজস্ব কবরস্থানে দাফন করা হয়।