August 9, 2026, 7:33 am

সারাদেশে বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সারাদেশে বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ডিএন২৪ ডেস্ক: সারাদেশে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আজ দলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি।

১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। দলটি বেশ কয়েকবার দেশ শাসন করে।

দিনটি উপলক্ষে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো শোভাযাত্রা, আলোচনা সভা, দলীয় পতাকা উত্তোলন, দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণসহ নানা কর্মসূচি হাতে নিয়েছে।

ভোর ৬টায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে বিএনপির সকল কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হয়। দলের নেতাকর্মীরা সকাল ১০টায় বিএনপির নেতা-কর্মীরা দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং সেখানে ফাতেহা পাঠ করেন।

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে জিয়াউর রহমান নিহতের পর তার স্ত্রী খালেদা জিয়া দলের দায়িত্ব গ্রহণ করেন।

দলের চেয়ারপার্সন খালেদা জিয়াকে ছাড়াই টানা দ্বিতীয়বারের মতো প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে বিএনপি। নিম্ন আদালতে গত বছরের ৮ ফেব্রুয়ারি দুর্নীতির মামলায় সাজা পাওয়ার পর থেকে কারাগারে রয়েছেন তিনি। ৩৮ বছরের যাত্রায় বিএনপি চারবার ক্ষমতায় ছিল এবং দুবার বিরোধী দলে ছিল। দলটি ১২ বছর ধরে ক্ষমতার বাইরে রয়েছে।

এদিকে ঝিনাইদহে বিএনপির ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলটির জেলা শাখার আয়োজনে সকালে শহরের ফ্যামেলি জোন রেস্টুরেন্ট চত্বরে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় বক্তারা অনতিবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানান। সেই সাথে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

আলোচনায় জেলার নব-গঠিত কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট এস এম মশিয়ুর রহমান, সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল মজিদসহ অন্যান্য নেতারা বক্তব্য রাখেন। এর আগে বিভিন্ন শাখার নেতাকর্মীরা ব্যানার ফেস্টুন নিয়ে আলোচনা সভায় যোগদান করেন।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com