August 9, 2026, 9:55 am

সংসদের মুজিববর্ষের অনুষ্ঠান উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সংসদের মুজিববর্ষের অনুষ্ঠান উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সংসদ রিপোর্টার

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উদযাপনে জাতীয় সংসদের পক্ষ থেকে বছরব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হবে। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এ অনুষ্ঠানের উদ্বোধন করবেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতীয় সংসদের শপথ কক্ষে বুধবার বিকালে মুজিববর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত বিশেষ সভায় এ তথ্য জানান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

সভায় সূচনা বক্তব্য দেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী। তিনি মুজিববর্ষ উদযাপনের কর্মপরিকল্পনা অবহিত করেন। এ সময় তিনি বর্ষব্যাপী মুজিববর্ষ অনুষ্ঠানমালার অনুষ্ঠানসূচি হস্তান্তর করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন- জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস, জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব তোফাজ্জল হোসেন মিয়া প্রমুখ।

স্পিকার বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপনে জাতীয় সংসদ পৃথক কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। যার মধ্যে সংসদের বিশেষ অধিবেশন অন্যতম। ২২-২৩ মার্চ বিশেষ অধিবেশন আয়োজন করা হচ্ছে। একজন বিশ্বখ্যাত ব্যক্তিত্বকে বিশেষ অধিবেশনে বক্তা হিসেবে আমন্ত্রণ জানানো হচ্ছে। বিশেষ অধিবেশনে দক্ষিণ এশিয়ার স্পিকারদেরসহ বিখ্যাত ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হবে।

এছাড়া মুজিববর্ষ উপলক্ষে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ১৯ মার্চ শিশুমেলার আয়োজন করা হচ্ছে। জাতীয় সংসদে বঙ্গবন্ধুর আলোকচিত্র নিয়ে ‘বঙ্গবন্ধু প্যাভিলিয়ন’ স্থাপন এবং ১-৫ ডিসেম্বর ‘মুজিবমঞ্চ’ স্থাপন করা হবে। মুজিবমঞ্চের পাশেই বিজয় মেলা আয়োজন করা হবে।

এ সময় স্পিকার জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় কমিটি, জাতীয় বাস্তবায়ন কমিটি ও জাতীয় সংসদের গৃহীত কর্মপরিকল্পনা সফলভাবে সম্পন্ন করার জন্য সবার প্রতি আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com