August 9, 2026, 11:42 am

সিটি নির্বাচনে জয়ী হয়ে খালেদা জিয়াকে মুক্ত করা হবে: ইশরাক

সিটি নির্বাচনে জয়ী হয়ে খালেদা জিয়াকে মুক্ত করা হবে: ইশরাক

ডিএন২৪ রিপোর্ট

অনির্বাচিত ও জবাবদিহিতাহীন সরকার ক্ষমতায় থাকার কারণে নারী ও শিশু নির্যাতন বাড়ছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

তিনি বলেন, বসবাসের জন্য ঢাকা আজ পৃথিবীর সবচেয়ে অযোগ্য শহর। এমনকি নারী ও শিশু নির্যাতনের দিক দিয়ে ঢাকা অনিরাপদ শহরের তালিকায় এক থেকে পাঁচের মধ্যে অবস্থান করছে। এটা হয়েছে শুধু একটি অনির্বাচিত ও জবাবদিহিতাহীন সরকার ক্ষমতায় থাকার কারণে।

মঙ্গলবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে তিনি এ সব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে বিএনপির নারী ও শিশু অধিকার ফোরাম এ মানববন্ধনের আয়োজন করে।

ইশরাক হোসেন বলেন, ৩০ তারিখের সিটি নির্বাচনে অংশ নিচ্ছি আন্দোলনের অংশহিসেবে। এই আন্দোলনে জাতীয়তাবাদী দল জয়ী হবে এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করা হবে।

আয়োজক সংগঠনের সভাপতি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানের সভাপতিত্বে ও সদস্যসচিব নিপুন রায় চৌধুরীর সঞ্চালনায় মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, স্বনির্ভরবিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com