August 9, 2026, 8:36 am
অনলাইন ডেস্ক: সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ৬১ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন অনেকে।মোগাদিসুর দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় এলাকায় নিরাপত্তা চৌকিতে এই বোমা হামলা চালানো হয়। বিস্ফোরণে লাশগুলো ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায় বলে কর্তৃপক্ষের বরাতে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে খবরে বলা হয়, এটি ছিলো বড় ধরনের গাড়ি বোমা হামলা। ঘটনাস্থলের চারপাশে লাশ ও রক্ত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কেউ কেউ ঘটনাটিকে ট্রাক বোমা হামলা বলেও জানিয়েছেন।
এদিকে সোমালিয়ার সরকারি এক কর্মকর্তা ‘বহু’ সংখ্যক মানুষ মারা যাওয়ার তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, ঘটনাস্থলে অন্তত ১৫ জনের লাশ পড়ে আছে।
প্রাথমিকভাবে কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। তবে ওই এলাকায় জঙ্গি গোষ্ঠী আল-শাবাব প্রায়ই এ ধরনের হামলা চালিয়ে থাকে।