August 9, 2026, 9:38 am

সরকারের কাছে প্লট চেয়ে সমালোচনার মুখে রুমিন ফারহানা

সরকারের কাছে প্লট চেয়ে সমালোচনার মুখে রুমিন ফারহানা

ডিস্ট্রিক্টনিউজ২৪ ডেস্ক: সংসদ সদস্য হিসেবে সরকারের কাছে প্লট চেয়ে সোস্যাল মিডিয়ায় সমালোচনার মুখে পড়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ–আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক রুমিন ফারহানা।এমনকি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের কাছে আবেদন করে তিনি যে আবেদন করেছেন সেটি ভাইরাল হয়।

উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদে সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ায় দুই মাসের মধ্যে সরকারের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় বরাবর আবেদনে ১০ কাঠার একটি প্লট চেয়েছেন বিএনপির সাংসদ রুমিন ফারহানা। আবেদনে তিনি বলেছেন, ঢাকায় তার কোনো জমি বা ফ্ল্যাট নেই। ওকালতির বাইরে তার কোনো পেশা বা ব্যবসা নেই। সরকার প্লট দিলে ‘চিরকৃতজ্ঞ’ থাকবেন বলেও উল্লেখ করেছেন বিএনপি থেকে মনোনীত সংরক্ষিত নারী আসনের এই সাংসদ।

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম গণমাধ্যমকে জানান, প্লট চেয়ে সাংসদ রুমিন ফারহানার একটি আবেদন তিনি পেয়েছেন। আইন অনুযায়ী এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, রুমিন ফারহানা গত ৯ জুন সাংসদ হিসেবে শপথ নেন। আর প্লটের জন্য আবেদন করেন ৩ আগস্ট।

এদিকে, রুমিন ফারহানার প্লট চাওয়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়েছে। সংসদকে ‘অবৈধ’ বলে আসা এবং বর্তমান সরকারের তীব্র সমালোচক হিসেবে রুমিন ফারহানা পরিচিত।

এ প্রসঙ্গে রুমিন ফারহানার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি গণমাধ্যমকে বলেন, ‘এমপি হিসেবে আমি এটা পেতে পারি। এটা আমার অধিকার। এতে অনৈতিক কিছু দেখছি না। নিয়ম মেনেই আমি আবেদন করেছি’।

তিনি আরো বলেন, ‘এটা হচ্ছে রাষ্ট্রীয় সুবিধা। এটা কোনো সরকারের কাছে চাওয়া না। রাষ্ট্রের কাছে চেয়েছি। রাষ্ট্রীয় পদের কারণে বেশ কিছু অধিকার হয়—গাড়ি, প্লট। আমি জানি তারা আমাকে এক কাঠাও দেবে না। তবু আনুষ্ঠানিকতার জন্য আবেদন করেছি। কিন্তু আমি জানতাম না কোনো মন্ত্রণালয় থেকে কোনো চিঠি এভাবে বের হয়। বিরোধী মতকে নগ্নভাবে তুলে ধরছে তারা।’এ প্রসঙ্গে বাকি যাঁরা প্লট চেয়ে আবেদন করেছেন, তাঁদের সবার নামও প্রকাশের দাবি জানান তিনি।

রুমিন ফারহানা বলেন, ‘মন্ত্রী–এমপি না হয়েও কেউ কেউ শুল্কমুক্ত গাড়ি পেয়ে গেছেন। আমি তো এক সুতা জমিও পাইনি। তার আগেই আমার চিঠি ভাইরাল হয়েছে।’ তিনি আরও বলেন, ‘আমি কোনো অবৈধ কাজ করিনি।’ 

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com