August 9, 2026, 7:51 am
ডিএন২৪ ডেস্ক
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেজান গ্রুপের একটি কারখানায় আগুন লাগে বৃহস্পতিবার সন্ধ্যায়। এরপর থেকে শুক্রবার বিকেল ৪টা পর্যন্ত কারখানাটি থেকে বের হতে থাকে একের পর এক লাশ। সেখানে ভাবনটির চতুর্থ তলা থেকে এখন পর্যন্ত ৫৩টি লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে ধারণা করা হচ্ছে, নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।
বাংলাদেশ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক দেবাশিষ বর্ধন শুক্রবার দুপুরে সাংবাদিকদের জানান, ভবনটির চতুর্থ তলা থেকে অর্ধশতাধিক লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে এখনো উদ্ধার অভিযান চালানো হচ্ছে। তবে এ সংখ্যা আরো বাড়তে পারে।
তিনি জানান, লাশগুলো ভবনটির চতুর্থ তলা থেকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুর পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে না আসায় পঞ্চম ও ষষ্ঠ তলায় দুপুরের পরে উদ্ধারকাজ শুরু হয়েছে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাসেল শিকদারও একই ধরনের তথ্য দিয়েছেন। তিনি জানাতে পারেননি ঠিক কত জন মারা গেছেন। তিনি বলেছেন, অনেক মানুষের লাশ বের করা হচ্ছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার পর রূপগঞ্জে সজীব গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান হাসেম ফুড অ্যান্ড বেভারেজের ফুডস ফ্যাক্টরিতে (সেজান জুস কারখানা) আগুন লাগে।