August 9, 2026, 11:02 am
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি:
চকরিয়ার ডুলাহাজারা নতুনঘোনা চিংড়িঘের এলাকায় ছুরিকাঘাতে ঘেরের এক কর্মচারী নিহত হয়েছে। নিহত ঘের কর্মচারীর আজিজুর রহমান (৩৮) ডুলাহাজারা বালুরচর গ্রামের ছালেহ আহমদের পুত্র। বুধবার সকালে ময়না তদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে সোলার প্যানেলে ব্যবহৃত একটি বৈদ্যুতিক বাল্ব ফেরত দেয়ার বিষয়ে কথা কাটাকাটির জের ধরে পেটে উপর্যুপরি ছুরিকাঘাতে ঘটনাস্থলে ওই কর্মচারীর মৃত্যু ঘটে। পুলিশ জানায়- ছুরিকাঘাতকারী ঘাতক ইছহাকের বাড়ি চকরিয়ার চিরিঙ্গা পালাকাটা গ্রামে। সে ওই গ্রামের কবির আহমদের ছেলে।
চকরিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী বলেন, পুলিশ নিহতের লাশ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করেছে। ঘটনায় জড়িত ইছহাককে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।