August 9, 2026, 9:55 am
মোহাম্মদ শাহনেওয়াজ
বান্দরবান জেলা প্রতিনিধি।
বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মোঃ নজরুল ইসলাম তালুকদার বলেছেন, “‘কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ”র শিক্ষার্থী কোয়ান্টাদের প্যারেড নৈপুণ্য ও শিক্ষা-ক্রীড়ায় সাফল্য দেখে মনে হচ্ছে তোমরা আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেবে। প্রাকৃতিক আবহে নিয়ম শৃঙ্খলার মধ্যে তোমরা যেভাবে বেড়ে উঠছ, আসলে তোমরাই হবে জাতির ভবিষ্যৎ । কারণ দেশের দুর্গম একটি এলাকায় থেকে তোমরা অন্যদের তুলনায় এগিয়ে যাচ্ছ সাহসের সাথে—এটা সত্যি প্রশংসার বিষয়।
এসব কিছুর জন্যে আমি সেই নেপথ্য মানুষটিকে যিনি এই স্কুলের স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা গুরুজী শহীদ আল বোখারী মহাজাতককে ধন্যবাদ জানাই। ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২২ উপলক্ষে বান্দরবানের লামার কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ আয়োজিত আলোচনা সভায় একথা বলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার। ১৭ মার্চ ও আগামী দুদিন তিনি কোয়ান্টাম ফাউন্ডেশনের লামা সেন্টার সফর করেন।
১৭ মার্চ বিকেলে কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের হিকমান প্রাঙ্গণে মাননীয় বিচারপতিকে গার্ড অব অনার প্রদান করে স্কুলের প্যারেড ও ব্যান্ড বাদক দল। প্যারেড ও ব্যান্ডবাদনা দিয়ে বহু পুরস্কার ও প্রশংসা কুড়ানো কোয়ান্টাম কসমো স্কুলের কুচকাওয়াজ ও বাদন মুগ্ধ করে মাননীয় অতিথিসহ মাঠে উপস্থিত তার সফরসঙ্গীদের। সফরসঙ্গীদের মধ্যে উপস্থিত ছিলেন তার সহধর্মীনি শাহনাজ বাবলী। তিনি সুপ্রীম কোর্টের একজন আইনজীবী।
এরপর মাননীয় বিচারপতি কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ পরিদর্শন করেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২২ উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন ও রচনা
প্রতিযোগিতার প্রধান অতিথি হিসেবে তিনি বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করেন। অনুষ্ঠানে
স্বাগত বক্তব্য রাখেন কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের ইনর্চাজ সালেহ আহমেদ এবং সভাপতিত্ব
করেন স্কুলের পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যাপিকা আমেনা বেগম। এরপর কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের আন্তর্জাতিক মানের জিমনেসিয়ামে কোয়ান্টামের ক্ষুদে জিমন্যাস্টদের পারফরমেন্স বিচারপতিকে অভিভূত করে।
উল্লেখ্য, ২০০১ সালে এই স্কুলটি যাত্রা শুরু করে মাত্র সাত জন ছাত্র নিয়ে। ২০ বছরের পরিক্রমায়
কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজে এখন আবাসিকে থেকে পড়াশোনা করছে দেশের নানা প্রান্ত থেকে আসা সুবিধা বঞ্চিত আড়াই সহস্রাধিক ছাত্র-ছাত্রী।