August 9, 2026, 8:44 am

মগনামা হাই স্কুলের প্রধান শিক্ষকের কক্ষে তালা!

মগনামা হাই স্কুলের প্রধান শিক্ষকের কক্ষে তালা!

পেকুয়া প্রতিনিধি
কক্সবাজারের পেকুয়ার মগনামা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অফিস কক্ষে তালা ঝুলিয়ে দিয়ে প্রধান শিক্ষককে অফিস করতে দেয়া হয়নি বলে অভিযোগ পাওয়া গেছে। জানাযায়, ১৩ ফেব্রুয়ারী সকালে স্থানীয় রুহুল আলম চৌধুরীর নেতৃত্বে কয়েকজন বহিরাগত লোক প্রধান শিক্ষকের কক্ষে তালা ঝুলিয়ে দেন। পরে সকাল ১০ টার দিকে স্কুলে গিয়েও নিজের কক্ষে প্রবেশ করতে পারেননি প্রধান শিক্ষক আখতার আহমদ। এ নিয়ে অভিভাবক মহল ও স্থানীয় লোকজনের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এদিকে এ বিষয়ে কক্সবাজার জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন প্রধান শিক্ষক আখতার আহমদ। পুনরায় এডহক কমিটি গঠনের পায়তারা শুরু করলে বর্তমান এডহক কমিটির সভাপতি তাহমিনা চৌধুরী লুনার সাথে প্রধান শিক্ষক আখতার আহমদের দ্বন্ধের এক পর্যায়ে এ ঘটনা ঘটল।

মগনামা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতার আহমদ জানান, “সকালে স্কুলে গিয়ে আমার অফিসে অতিরিক্ত তালা ঝুলতে দেখি। সহকারী শিক্ষক আরশাদুল করিম লিটন ও অন্যান্য কর্মচারীর কাছে জানতে চাইলে তারা জানান, বর্তমান সভাপতি তাহমিনা চৌধুরী লুনা ও তার স্বামী সাবেক সভাপতি আবু হেনা চৌধুরীর নির্দেশে স্থানীয় রুহুল আমিন চৌধুরী নামের এক ব্যক্তি কিছু লোকজন নিয়ে এসে সকালে আমার কক্ষে অতিরিক্ত তালা ঝুলিয়ে দেয়। পরে আমি বিষয়টি শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক, উপজেলা ও জেলা শিক্ষা অফিসার, উপজেলা নির্বাহী অফিসার ও জেলা প্রশাসক মহোদয়ের কাছে লিখিত অভিযোগ করি।

মগনামা ইউপি চেয়ারম্যান ইউনুছ চৌধুরী জানান, “নিয়মিত কমিটি গঠন নিয়ে বর্তমান সভাপতি তাহমিনা চৌধুরী লুনার স্বামীর সাথে প্রধান শিক্ষকের দ্বন্ধে তৈরী সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছে বলে আমি জানতে পেরেছি। ইউএনও স্যারের সাথে কথা বলে বিষয়টি একটি সুরাহা করার চেষ্ঠা করছি।”

পেকুয়া উপজেলা নির্বাহী অফিসার পূর্বিতা চাকমা জানান, “মগনামা উচ্চ বিদ্যালয়ে বেশ কিছুদিন ধরে কমিটির সাথে প্রধান শিক্ষকের মধ্যে সমস্যা চলছে। এরই মধ্যে কে বা কারা প্রধান শিক্ষকের অফিস কক্ষে অতিরিক্ত তালা ঝুলিয়ে দিয়েছে মর্মে একটি অভিযোগ পেয়েছি। এ বিষয়ে ডিসি স্যারের নির্দেশনাও পেয়েছি। বিষয়টি আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।”

জেলা শিক্ষা অফিসার নাছির উদ্দিন জানান, “বিষয়টি অতীব দু:খজনক। একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের কার্যালয়ে বহিগতারা এসে তালা ঝুলিয়ে দেবে এটা কখনো কাম্য নয়। কোন সমস্যা থাকলে সেটা বসে সুরাহা করা যায়। বিষয়টি নিয়ে আমরা প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করছি।”

কক্সবাজার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিভিষণ দাশ জানান, “মগনামা উচ্চ বিদ্যালয়ের বিষয়ে আইনগত ব্যবস্থা নিতে পেকুয়ার ইউএনওকে দায়িত্ব দেয়া হয়েছে।”

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com