August 28, 2026, 2:36 pm
পেকুয়া প্রতিনিধি:
পেকুয়ায় দুবৃর্ত্তরা পিটিয়েছে মহিলাকে। উত্তেজিত লোকজন ওই নারীর বসতবাড়িতে ভাংচুরসহ তান্ডব চালায়। ভাংচুর ও তান্ডবের এ দৃশ্য ভূক্তভোগীরা মুঠোফোনে ধারণ করে। ১২ ডিসেম্বর (রবিবার) সকাল ৭ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের আন্নরআলী মাতবরপাড়ায় এ ঘটনা ঘটে। হামলার শিকার মহিলার নাম রুবি আক্তার (৫০)। তিনি ওই এলাকার মৃত গিয়াস উদ্দিনের স্ত্রী। এ ব্যাপারে বিধবা রুবি আক্তার বাদী হয়ে পেকুয়া থানায় ঘটনার কয়েক ঘন্টার ব্যবধানের মধ্যে লিখিত অভিযোগ পৌছান। প্রত্যক্ষদর্শীরা জানান, ২০ শতক জমি নিয়ে মৃত গিয়াস উদ্দিনের স্ত্রী রুবি আক্তার ও মৃত সিরাজের পুত্র নাজেম উদ্দিন গংদের বিরোধ চলছিল। বিষয়টি নিষ্পত্তির জন্য মাতবরপাড়া সমাজ পরিচালনা কমিটি একাধিকবার বৈঠক করে। সমাজ প্রতিনিধিরা এ সম্পর্কিত একটি লিখিত রোয়েদাদ প্রচার করেন। ঘটনার দিন সকালে জায়গা জবর দখলের কুমানসে নাজেম উদ্দিন গং বিধবা রুবি আক্তারের বসতবাড়িতে হানা দেয়। এ সময় নাজেম উদ্দিন গং বাড়ি ভাংচুর ও তান্ডব চালায়। রুবি আক্তার এসে এর প্রতিবাদ করছিলেন। উত্তেজিত লোকজন ক্ষিপ্ত হয়ে তাকে কিল ঘুসি চড় থাপ্পড় মেরে মাটিতে ফেলে দেয়। এক পর্যায়ে ওই নারীকে মাটিতে ফেলে লাথিও মারে। প্রত্যক্ষদর্শী জাকের হোসেন, আলমগীরের স্ত্রী কাউছারা বেগম, নাছির উদ্দিনের স্ত্রী বিউটি আক্তারসহ আরো অনেকে জানান, নাজেম উদ্দিন তার ছেলে সাজ্জাদ, মোকাদ্দেসসহ ৫/৬ জন মিলে বিধবা রুবি আক্তারকে মারধর করেছে। তারা ভাংচুরও চালায়। পেকুয়া থানার ওসি (তদন্ত) কানন সরকার জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক ব্যবস্থা হবে।