August 9, 2026, 8:38 am

আবারো বেজে উঠলো কোরক বিদ্যাপীঠের কাঙ্ক্ষিত ঢং ঢং ঘণ্টা; আনন্দে আপ্লুত শিক্ষার্থীরা

আবারো বেজে উঠলো কোরক বিদ্যাপীঠের কাঙ্ক্ষিত ঢং ঢং ঘণ্টা; আনন্দে আপ্লুত শিক্ষার্থীরা

এম, রিদুয়ানুল হক, চকরিয়াঃ
কক্সবাজার জেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান চকরিয়া কোরক বিদ্যাপীঠ। রোববার (১২ সেপ্টেম্বর) সকাল ৮টা। ঢং ঢং করে বেজে উঠলো কাঙ্ক্ষিত ঘণ্টা। আর এর মধ্যদিয়েই দীর্ঘ ১৮ মাস পর শুরু হলো প্রথম দিনের ক্লাস। স্কুল ক্যাম্পাসে প্রবেশ করেই আনন্দ-উচ্ছ্বাসে আত্মহারা হয়ে পড়ে শিক্ষার্থীরা। একই সাথে স্কুল ক্যাম্পাস মুখরিত হয়ে ওঠে শিক্ষক-শিক্ষার্থীর পদচারণায়।

সরেজমিনে দেখা গেছে, শিক্ষার্থীদের বরণ করতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রতিটি শ্রেণিকক্ষ, শিক্ষা প্রতিষ্ঠানের আঙিনা সাজানো হয় রঙিন কাগজ, জরির মালা, বিভিন্ন রঙের বেলুন ও কাগজের ফুল দিয়ে। গেইটের সামনে ঝুলিয়ে দেয়া হয় বিভিন্ন নির্দেশনাযুক্ত ব্যানার। আজ অনেকটা আনন্দে আপ্লুত শিক্ষার্থীরা। যে কারণে অনেকেই আগেভাগে চলে আসে স্কুলে।

সরকারি নিয়ম ও শতভাগ স্বাস্থ্যবিধি অনুসরণ করে সকাল ৮টায় শুরু হয় ৩য় শ্রেণির ক্লাস। দুই বিষয়ে পাঠদান শেষে সাড়ে ৯ টায় ছুটি হয় তাদের ক্লাস। সকাল ১০ টায় শুরু হয় পঞ্চম শ্রেণির পাঠদান। এরপর পর্যায়ক্রমে শুরু হয় ১০ম শ্রেণি ও পরীক্ষার্থীদের ক্লাস।

স্কুলের প্রধান শিক্ষক নুরুল আখের বলেন,
‘অনেক দিন পর সহপাঠীদের সঙ্গে দেখা হয়েছে। করোনার কারণে ঘর বন্দি থাকতে থাকতে অস্থির হয়ে উঠেছিলাম। এখন স্কুল খুলেছে আবার আগের মতো আমরা স্কুলে এসে ক্লাস করতে পারবো। এর চেয়ে আনন্দের আর কি হতে পারে।’

তিনি আরো জানান, গেট থেকেই তাপমাত্রা মেপে এবং হ্যান্ড স্যানিটাইজার মাখিয়ে শিক্ষার্থীদের স্কুলে প্রবেশ করানো হয়েছে। এছাড়া মাস্ক পড়া ছিল বাধ্যতামূলক। তবে, কেউ মাস্ক না আনলে স্কুলের পক্ষ থেকে তাদের মাস্ক দেওয়া হয়।

স্কুলের বেশ কয়েকজন শিক্ষক জানান, শিক্ষার্থীদের বরণের জন্য সকাল ৭টায় স্কুলে এসে বসে আছি। যদিও ক্লাস শুরু সকাল ৮টায়। করোনার কারণে ২০২০ সালের ১৭ মার্চ থেকে বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি শেষে আজ থেকে চালু হয়েছে স্বশরীরে ক্লাস।

তাঁরা আরো জানান, স্বাস্থ্যবিধি মেনে শারীরিক দূরত্ব বজায় রেখে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে প্রবেশ করানো হয়েছে। প্রথম দিনেই ৯০ ভাগ শিক্ষার্থী উপস্থিত হয়েছেন। দীর্ঘ দিন বন্ধ থাকার পর স্কুল খোলায় শিক্ষার্থীদের সঙ্গে সঙ্গে আমরাও অনেক আনন্দিত।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com