August 9, 2026, 8:41 am
পেকুয়া প্রতিনিধি:
পেকুয়ায় হেলাল উদ্দিন (৩৫) নামের এক কৃষককে কুপিয়ে জখম করা হয়েছে। তিনি উপজেলার টইটং ইউনিয়নের দুর্গম মধুখালী গ্রামের মৃত মনজুর আলমের পুত্র। ২৪ জুলাই (শনিবার) সকাল সাড়ে ৯ টার দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, ওই এলাকার মৃত মনজুর আলমের পুত্র হেলাল উদ্দিন ও একই এলাকার বজল আহমদের পুত্র ছরওয়ারের সাথে জমির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। ওই সময়ে হেলাল উদ্দিন নিজস্ব জমিতে চাষের কাজ করার সময় ছরওয়ার বাধা প্রদান করে। এক পর্যায়ে হেলাল উদ্দিন ও ছরওয়ারের সাথে বাকবিতন্ডা হয়। এ সময় ছরওয়ার ধারালো দা দিয়ে হেলাল উদ্দিনকে কুপিয়ে জখম করে। আহত হেলাল উদ্দিনের ভাই নুরুল আবছার জানান, হেলাল উদ্দিন নিজস্ব জমিতে কাজ করছিলেন। এ সময় ছরওয়ার এসে ধারালো দা দিয়ে কুপ মেরে হেলাল উদ্দিনের ডান হাতের আঙ্গুলে হাড়ভাঙ্গা জখম হয়। স্থানীয় শাহ আলম ও রহিম জানান, ওই ছরওয়ার কোন কথাই শুনতে চাই না। সে একজন সন্ত্রাসী প্রকৃতির লোক। পেকুয়া থানার ওসি সাইফুর রহমান মজুমদার জানান, লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।