August 9, 2026, 7:50 am
নারায়ণগঞ্জ সংবাদদাতা
নারায়ণগঞ্জের বন্দরে সিটি করপোরেশনের ড্রেন নির্মাণ কাজ করার সময় একটি সরকারি প্রাইমারি স্কুলের দেয়াল ধসে পড়ে তিন শ্রমিক আহত হয়েছেন। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে দুজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন- হৃদয় হোসেন (৩০) ও দুলারী বেগম (৩৬)। অপর আহত মিম আক্তারের অবস্থাও আশংকাজনক বলে জানা গেছে।
জানা যায়, মঙ্গলবার দুপুর ১টায় বন্দরের উত্তর লক্ষণখোলা এলাকায় সিটি করপোরেশনের ড্রেনের নির্মাণকাজ চলছিল। এসময় ঠিকাদার নিরাপত্তা ব্যবস্থা না করে ড্রেনের কাজ করার সময় প্রাইমারি স্কুলের দেয়াল ধসে পড়ে তিন শ্রমিকের উপর। গুরুতর আহত শ্রমিকদের প্রথমে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অবস্থা আশংকাজনক হওয়ায় জরুরি বিভাগের চিকিৎসক তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
ড্রেন নির্মাণ কাজে নিয়োজিত জাহেদা বেগম নামের নারীশ্রমিক জানান, সকাল থেকে তারা ১০ জন শ্রমিক ড্রেন নির্মাণের কাজ করছিল। দুপুর ১টায় দিকে ড্রেনের পাশে উত্তর লক্ষণখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীরের দেয়াল ধসে পড়ে। এসময় হৃদয়, মিম ও দুলালী নামের তিন শ্রমিক আহত হন।
এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করে।
সোনারগাঁও ও রূপগঞ্জ এলাকার ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক তানহারুল ইসলাম জানান, আহত তিনজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। এখন ধসে পড়া দেয়ালটি উদ্ধারের কাজ করা হচ্ছে।
এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনচার্জ দিপক চন্দ্র সাহা জানান, উত্তর লক্ষণখোলা এলাকায় সড়কে ড্রেন নির্মাণ কাজ করছিল রাসেল নামের এক ঠিকাদার। আহত তিন শ্রমিকের মধ্যে একজন পুরুষ ও একজন নারী শ্রমিকের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থলে তদন্ত করছে। নির্মাণাধীন ঠিকাদারি প্রতিষ্ঠানের কোনো অবহেলা বা ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় এখনো কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে মামলা নেয়া হবে।
স্থানীয় ২৫নং ওয়ার্ড কাউন্সিলর এনায়েত হোসেন জানান, সিটি করপোরেশনের ঠিকাদার রাসেল স্কুলের পাশে ড্রেন নির্মাণের কাজ করছিলেন। এসময় স্কুলের দেয়াল ধসে তিন শ্রমিক আহত হয়েছে বলে জেনেছি। ঠিকাদার যথাযথ নিরাপত্তা ব্যবস্থা না করায় এবং স্কুলের দেয়াল রক্ষায় কোনো প্রটেকশন না দেয়ায় মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে বলে শুনেছি।