September 19, 2026, 1:27 pm
দিনাজপুর সংবাদদাতা
দিনাজপুরের ঘোড়াঘাটে বয়লার বিস্ফোরণে এক চাতাল শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার বিকেলে ঘোড়াঘাট উপজেলার কানাগাড়ী বাজারের অজিত মেম্বারের চাতালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিক এলারুস হেমরম (৪৫) একই উপজেলার বুলাকীপুর গ্রামের মৃত চুন্নু হেমরমের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চাতালের ধান সিদ্ধ করার সময় বয়লারের নিচে চুলায় ধানের তুষ দিচ্ছিল চাতাল শ্রমিক এলারুস হেমরম। এ সময় হঠাৎ বিকট শব্দে বয়লারটির বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই পুরো এলাকা ধোঁয়ায় অন্ধকার হয়ে যায়। শ্রমিকরা দিকবিদিক ছোটাছুটি করতে থাকে। এতে ঘটনাস্থলে এলারুসের মৃত্যু হয়। এ সময় আরো তিন শ্রমিক আহত হয়েছেন।
ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ঠিক কি জন্য বয়লার বিস্ফোরণ হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।