August 9, 2026, 8:48 am

কর্ণফুলীতে দুই মাদক ব্যবসায়ী আটক

কর্ণফুলীতে দুই মাদক ব্যবসায়ী আটক

ফরহাদুল ইসলাম,চট্টগ্রাম দক্ষিণজেলা প্রতিনিধি::

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ১ কোটি ৪৪ লক্ষ টাকা মূল্যের ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে (র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন) র‌্যাব-৭।

শুক্রবার (২৫ জুন) দুপুরে উপজেলার চর ফরিদ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।এই সময় তাদের কাছ থেকে ৪৮,০০০ পিস ইয়াবা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক(চট্ট মেট্টো-ট-১১-৫০৭৪) জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবা ট্যাবলেটগুলোর আনুমানিক মূল্য ১ কোটি ৪৪ লক্ষ টাকা।

আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন,কর্ণফুলী উপজেলার ঈদগাঁও কাচা বাজার
এলাকার মৃত শফিকুর রহমানের ছেলে মোঃ ফরহাদুর রহমান শাওন (৩১), এবং একই উপজেলার ঈদগাঁও বৌ বাজার এলাকার মৃত জমিরের ছেলে মোঃ তৌফিক (২১)।

শুক্রবার রাতে র‌্যাবের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবসার বলেন,র‌্যাব-৭ চট্টগ্রাম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ীরা একটি ট্রাক যোগে বিপুল পরিমান মাদকদ্রব্য নিয়ে কক্সবাজার থেকে চট্টগ্রাম শহরের দিকে আসছে। এই সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানাধীন চর ফরিদ এলাকার কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক হযরত তৈয়বশাহ সিএনজি লিঃ এর সামনে পাকা রাস্তার উপর একটি বিশেষ চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি শুরু করে। এসময় র‌্যাবের চেকপোস্টের দিকে আসা একটি ট্রাকের গতিবিধি সন্দেহজনক মনে হলে র‌্যাব সদস্যরা ট্রাকটিকে থামানোর সংকেত দেন।কিন্তু ট্রাকটি র‌্যাবের চেকপোস্টের সামনে থামিয়ে চালকসহ দুইজন ব্যক্তি গাড়ি থেকে নেমে দৌঁড়ে পালানোর চেষ্টা করলে র‌্যাব সদস্যরা ধাওয়া করে আসামী চালক মোঃ ফরহাদুর রহমান শাওন (৩১), মোঃ তৌফিক (২১) কে আটক করে। পরবর্তীতে আটককৃত আসামীদের ব্যাপক জিজ্ঞাসাবাদে ট্রাকের এয়ার সিলিন্ডারে সুকৌশলে লুকানো অবস্থায় ৪৮,০০০ পিস ইয়াবা ট্রাবলেট উদ্ধার করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত ৫০ লক্ষ টাকা মূল্যের ট্রাকটি (চট্ট মেট্টো-ট-১১-৫০৭৪) ও জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, তারা দীর্ঘ দিন যাবৎ কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে বিভিন্ন কৌশলে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলের মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট বিক্রয় করে আসছে।

গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com