August 28, 2026, 2:12 pm

রাস্তা সংস্কারের দাবিতে ধানের চারা রোপন করে এলাকাবাসির প্রতিবাদ

রাস্তা সংস্কারের দাবিতে ধানের চারা রোপন করে এলাকাবাসির প্রতিবাদ

চকরিয়া প্রতিনিধি

রাস্তা সংস্কারের দাবিতে ধানের চারা রোপন করে অভিনব প্রতিবাদ করেছেন কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের জনগণ।

এলাকাবাসীর দাবি, ইউনিয়নের অন্যান্য ওয়ার্ডে উন্নয়নের ছোঁয়া লাগলেও কোন অদৃশ্য শক্তির ইন্দনে উন্নয়ন বঞ্চিত ৭নং ওয়ার্ড। খুব বেশি অবহেলিত পশ্চিম সিকদার পাড়াস্থ এই রাস্তা দিয়ে পালাকাটা সওদাগর ঘোনার হাজার হাজার মানুষ যাতায়তে ভোগান্তির শিকার হচ্ছেন।

এলাকাবাসীর সাথে আলাপ করে জানা যায়, যে তারা বহুবার স্থানীয় মেম্বার এবং চেয়ারম্যানকে রাস্তাটি সংস্কার করার জন্য বহুবার অনুরোধ জানিয়েও কোন সুফল পায়নি।

যার কারণে ১৯জুন শনিবার এলাকাবাসী পানি ও কাদায় পরিপূর্ণ ওই রাস্তাটিতে ধানের চারা রোপন করে প্রতিবাদ জানান। এরপরও যদি কর্তৃপক্ষের টনক না নড়ে, তাহলে ওই রাস্তা কেটে খাল তৈরির ঘোষণা দিয়েছেন এলাকাবাসী।

ওই এলাকার বাসিন্দা হেলাল উদ্দিন জানান, অত্র ইউনিয়নের ৭নং ওয়ার্ড পশ্চিম সিকদার পাড়ার রাস্তাটি সবচেয়ে অবহেলিত। প্রতিবছর সামান্য বৃষ্টিতেই এ রাস্তাটিতে হাঁটু সমান পানি জমে কাদা হয়ে যায়।

তিনি আরো বলেন, ‘এলাকার মেম্বার, চেয়ারম্যানের কাছে বারবার এ বিষয়ে অভিযোগ করেও কোনো কাজ হয়নি। তারই প্রতিবাদ হিসেবে এলাকাবাসী রাস্তায় ধানের চারা রোপণ করেছে। ‘

স্থানীয় বাসিন্দা আমেনা খাতুন জানান, বৃষ্টিতে কাদা হয়ে যাওয়ায় এখানকার এলাকাবাসী বিশেষ করে ছাত্রছাত্রীদের চলাচলে খুবই অসুবিধা হয়। তাছাড়া বৃষ্টির পানি বের হওয়ার ড্রেন না থাকায় সমস্ত এলাকার পানি গড়িয়ে রাস্তা উপচে বাড়ির মধ্যে চলে আসে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন এলাকাবাসী জানান, জনপ্রতিনিধিরা নির্বাচনের সময় রাস্তা করে দেওয়ার কথা বলে আমাদের ভোট নেয়। কিন্তু ভোট শেষ হয়ে গেলে আমাদের কথা কেউ ভাবে না। এ জন্য রাস্তায় ধানের চারা লাগাচ্ছি। এতে যদি কর্তৃপক্ষের টনক না নড়ে, তাহলে গ্রামবাসী মিলে রাস্তা কেটে খাল বানাবো। যে রাস্তায় আমরা চলতে পারি না সে রাস্তা থাকার চেয়ে খাল থাকাই ভালো!

দ্রুত রাস্তাটি সংস্কারের জন্য স্থানীয় চেয়ারম্যানের সু-দৃষ্টি কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com