August 9, 2026, 10:30 am

পেকুয়ায় সন্ত্রাসীদের গুলিতে গৃহবধু নিহত, গুলিবিদ্ধ ২ !

পেকুয়ায় সন্ত্রাসীদের গুলিতে গৃহবধু নিহত, গুলিবিদ্ধ ২ !

সাইফুল ইসলাম বাবুলঃ

কক্সবাজারের পেকুয়ায় মধ্যরাতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে সেলিনা আক্তার (৩৭) নামে এক গৃহবধু নিহত হয়েছে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরও দুইজন।

রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার বারবাকিয়া ইউপির বুধামাঝির ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিতে নিহত গৃহবধু একই এলাকার ফরিদুল আলমের স্ত্রী। গুলিবিদ্ধরা হলো, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র একই এলাকার মোঃ সেলিমের ছেলে নাজমুল সাকিব (২৩) ও নুরুল আবছারের ছেলে সাইফুল ইসলাম। তার মধ্যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাকিবের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এ ঘটনার স্থানীয়রা জড়ো হয়ে মোঃ হোসেনের ছেলে সন্ত্রাসী মাহামুদুল করিম ও মফিজুর রহমানকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে।

নিহতের স্বামী ফরিদুল আলম বলেন, মধ্যরাতে সন্ত্রাসীরা গুলিবর্ষণ করে নুরুল ইসলামের বসতবাড়িতে তাণ্ডব চালায়। তাণ্ডব চালিয়ে চলে যাওয়ার সময় আমার বাড়ির ৪টি গরু লুট করার চেষ্টা করে। ওই সময় আমার স্ত্রী সেলিনা বাড়ি থেকে বের হওয়ার সাথে সাথেই স্ত্রীকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে হত্যা করে। গুলির আওয়াজ শুনে সাকিব ও সাইফুল বাড়ি থেকে বের হলে তাদেরকেও গুলি করা হয়। এক পর্যায়ে সন্ত্রাসীরা আমার ৪টি গরু লুঠ করে নিয়ে যায়।

পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কানন সরকার বলেন, জায়গা দখল বেদখল নিয়ে সংঘর্ষ হয়। ওখানে পাশের বাড়ির সেলিনা আক্তার বাড়ি থেকে বলে গুলিতে নিহত হয়। ঘটনার প্রাথমিক তদন্ত করেছি। দুইজনেক আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com