August 9, 2026, 7:36 am
সাতক্ষীরা সংবাদদাতা
সাতক্ষীরার কলারোয়ায় শিশু কন্যাকে যৌন নির্যাতনের বিচার না পেয়ে দু’ছেলে-মেয়েকে শ্বাসরোধ করে হত্যার পর রশিতে ঝুলে আত্মহত্যা করেছেন মা মাহফুজা খাতুন (৩২)। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার উত্তর লাঙ্গলঝাড়া গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
মাহফুজা খাতুন লাঙ্গলঝাড়া গ্রামের ট্রাক ড্রাইভার শিমুল হোসেনের স্ত্রী। নিহত দুই শিশু হলো, শিমুল হোসেনের ছেলে মাহফুজ (৯) ও মেয়ে মোহনা (৫)।
শিমুল হোসেনের বাবা আব্দার আলী জানান, তিন দিন আগে খেলা করার সময় স্থানীয় লাল্টুর ছেলে হৃদয় (১৪) শিশু মোহনাকে যৌন নির্যাতন করে। মোহনা বিষয়টি বাড়ি এসে মাকে জানালে মাহফুজা স্থানীয় ইউপি সদস্য সাফিজুলের কাছে বিচার চান। তখন সাফিজুল সামনে নির্বাচন উল্লেখ করে কয়েক দিন পরে বিচারের আশ্বাস দেন। বিষয়টি চেয়ারম্যানকে জানালে তিনি মামলার পরামর্শ দেন। পরে মাহফুজা তার কাছে (আব্দার আলী) মামলা করার কথা বললে তিনি বলেন, আমরা গরীব মানুষ, মামলার খরচ চালাবো কিভাবে।
তিনি আরো জানান, বৃহস্পতিবার সকালে তিনি (আব্দার আলী) কাজে গেলে মাহফুজা দুই সন্তানকে মেরে নিজেও আত্মহত্যা করেছেন।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবীর জানান, নিহতদের লাশ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশের একাধিক টিম ঘটনা তদন্তে কাজ শুরু করেছে বলে তিনি জানান।