August 9, 2026, 7:36 am

ব্রাহ্মণবাড়িয়ার ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো পরিদর্শন করেছেন আইজিপি

ব্রাহ্মণবাড়িয়ার ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো পরিদর্শন করেছেন আইজিপি

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর এবং মাদরাসাছাত্রদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে ২৬ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত হেফাজতে ইসলামের কর্মসূচিকে কেন্দ্র করে সহিংসতায় ব্রাহ্মণবাড়িয়ার ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো পরিদর্শন করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টায় ক্ষতিগ্রস্ত স্থাপনা পরিদর্শন শুরু করেন পুলিশ প্রধান।
প্রথমে ক্ষতিগ্রস্ত ব্রাহ্মণবাড়িয়ার উস্তাদ আলাউদ্দিন খাঁ মিলনায়তন পরিদর্শন করেন তিনি। এরপর পৌরসভা কার্যালয়, বঙ্গবন্ধু স্কয়ারের বঙ্গবন্ধুর ক্ষতিগ্রস্ত ম্যুরাল, আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন, সদর উপজেলা ভূমি অফিস ও ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবসহ বেশ কয়েকটি ক্ষতিগ্রস্ত স্থাপনা পরিদর্শন করেন। পরিদর্শন শেষ করে সার্কিট হাউজে হেফাজতকর্মীদের হামলা নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন আইজিপি।
এ সময় পুলিশ প্রধানের সাথে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক আব্দুল্লাহ আল মামুন, পুলিশের স্পেশাল শাখার প্রধান মনিরুল ইসলাম, চট্টগ্রাম রেঞ্জ পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো: আনোয়ার হোসেন, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াদ উদ দৌলা খান ও ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার (এসপি) মো: আনিসুর রহমান উপস্থিত ছিলেন।
এদিকে সহিংসতার ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় দু’টি ও সরাইল থানায় একটিসহ আরো তিনটি মামলা হয়েছে। এ মামলাগুলোতে আসামি করা হয়েছে অজ্ঞাত প্রায় আড়াই হাজার মানুষকে। তবে এ মামলায় নতুন করে আর কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com