August 9, 2026, 10:54 am

দক্ষ যুবক তৈরী ও করোনায় সচেতনতা বৃদ্ধিতে চকরিয়া যুব পরিষদ

দক্ষ যুবক তৈরী ও করোনায় সচেতনতা বৃদ্ধিতে চকরিয়া যুব পরিষদ

চকরিয়া প্রতিনিধি

বেকার যুবদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে প্রশিক্ষণের ভুমিকা শীর্ষক এক আলোচনা সভা লক্ষ্যারচর ইউনিয়ন যুব পরিষদের উদ্যোগে ৭ ডিসেম্বর সোমবার বিকাল ৩টায় হাজী নুরুল কবির চৌধুরী উচ্চ বিদ্যালয়ে অনুষ্টিত হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করেন চকরিয়া যুব পরিষদ সভাপতি তানজিনুল ইসলাম ও সঞ্চালনা করেন লক্ষ্যারচর ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক মো.মিজানুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদ’র চেয়ারম্যান জি এম কাইছার বলেন, চকরিয়া যুব পরিষদ বেকারত্ব দূরীকরণ ও সমাজ উন্নয়নে যে সকল কর্মসূচি পালন করে যাচ্ছে তা সত্যিই প্রশংসাপূর্ণ কাজ। এই প্রশিক্ষণ কার্যক্রম যুব সমাজকে বেকারমুক্ত করে আলোর পথে ফিরিয়ে আনবে। করোনার দ্বিতীয় প্রকোপে সকলকে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলা এবং প্রতিটি ক্ষেত্রে মাস্ক ব্যবহার করার অনুরোধ জানান।
প্রধান বক্তা হিসেবে চকরিয়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক মিজবাউল হক বলেন, চকরিয়া যুব পরিষদ উপজেলার সকল ইউনিয়নে যেভাবে যুব কল্যাণ ও সমাজ সচেতনতায় কাজ করে যাচ্ছে তা চলমান থাকলে খুব অল্প সময়ের মধ্যে চকরিয়া উপজেলাকে বেকারমুক্ত ও শ্রেষ্ঠ উপজেলা ঘোষণা করা অসম্ভব নয়।
বিশেষ অতিথির বক্তব্যে লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রেজাউল করিম সেলিম বলেন, দীর্ঘদিন ধরে যুবরা প্রকৃত শিক্ষা থেকে বিরত। এই উদ্যোগ যুব সমাজকে দক্ষতা উন্নয়নে উৎসাহিত করবে এবং করোনার দ্বিতীয় প্রকোপে সচেতনতা বৃদ্ধিতে যথেষ্ঠ ভুমিকা রাখবে।
সভাপতির বক্তব্যে চকরিয়া যুব পরিষদ সভাপতি তানজিনুল ইসলাম বলেন, ২০১৬ সাল থেকে কক্সবাজার যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে জেলার প্রথম নিবন্ধিত সংগঠন হিসেবে যুব উন্নয়ন, যুব নেতৃত্বের বিকাশ, সমাজ উন্নয়নমূলক কাজসহ যুব সমাজকে ক্রীড়ামুখী করতে চকরিয়া উপজেলার ১টি পৌরসভা ও ১৮ টি ইউনিয়ন নিয়ে অক্লান্ত নিরলস কাজ করে যাচ্ছে। তারই স্বীকৃতিস্বরূপ গত ১ নভেম্বর বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস-২০২০ এ উপজেলার শ্রেষ্ঠ সংগঠন পুরস্কার পেয়েছে চকরিয়া যুব পরিষদ। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় নভেম্বর মাসে চকরিয়া পৌরসভায় ৫ হাজার মাস্ক বিতরণ করা হয়েছে। সকলকে চকরিয়া যুব পরিষদ’র সাথে থেকে জীবনমান উন্নয়ন ও সমাজ সচেতনতায় কাজ করার আহ্বান জানান।
এতে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, লক্ষ্যারচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুর মোহাম্মদ মানিক, ইউপি সদস্য চৌধুরী নুরুল কবির, চকরিয়া যুব পরিষদ সাধারণ সম্পাদক মো: আতাউল গণি পারভেজ, কার্যকরি কমিটি সদস্য আসাদুজ্জামান তওহিদ, পৌরসভা শাখার সভাপতি সাকিবুর রহমান কলিম,লক্ষ্যারচর ইউনিয়ন সভাপতি মেহেদী হাসান, সহ-সভাপতি আবু বকর ছিদ্দিক। এসময় লক্ষ্যারচর ইউনিয়ন কমিটির সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে লক্ষ্যারচর বাজারে সাধারণ মানুষের মাঝে দুই (০২)হাজার মাস্ক বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com