August 9, 2026, 7:50 am

শরণখোলা উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে জিতলেন নৌকার প্রার্থী শান্ত

শরণখোলা উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে জিতলেন নৌকার প্রার্থী শান্ত

মুন্সী মিজানুর রহমান, বাগেরহাট (শরণখোলা): বাগেরহাটের শরণখোলায় নৌকার প্রার্থী মোঃ রায়হান উদ্দিন আকন শান্ত বিপুল ভোটে জয়লাভ করেছেন । উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ৩৩টি ভোট কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। তবে, কোথাও কোন সহিংসতার খবর পাওয়া যায়নি। ২০অক্টোবর (মঙ্গলবার ) সকালে অনুষ্ঠিত নির্বাচনে পাঁচ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ উপজেলার সর্বত্র বিজিবি, র‌্যাব ও পুলিশের টহল ছিল ।
অপরদিকে , একই দিন দুপুরে বাগেরহাটের জেলা প্রসাশক মো. মামুনুর রশীদ ও পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তাঁরা ভোটারদের উপস্থিতিসহ শান্তিপূর্ণ পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন ।
শরণখোলা উপজেলার চেয়ারম্যান পদে উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ রায়হান উদ্দিন শান্ত আকন (নৌকা ) , বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী খান মতিয়ার রহমান (ধানের শীষ ) ও জাতীয় পার্টি মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম (লাঙ্গল) প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেন । ৩৩টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ছিল ৮৯ হাজার তিনশত ৩৭জন । মোট ভোট পড়েছে ৫৭,৬২৮ ।
যা মোট ভোটারের শতকরা প্রায় ৬৫ ভাগ । এর মধ্যে নৌকার প্রার্থী রায়হান উদ্দিন শান্ত আকন ৫৬,১৮৮ ভোট পেয়ে বে-সরকারিভাবে বিজয়ী হয়েছেন। এছাড়া ধানের শীষের প্রার্থী খান মতিয়ার রহমান পেয়েছেন ৬৭৩ ভোট এবং লাঙ্গল মার্কার প্রার্থী শহীদুল ইসলাম ৭৬৭ ভোট পেয়েছেন বলে নির্বাচন কমিশন সূত্র জানায়। জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার ফরাজী বেনজীর আহম্মেদ বলেন , সবকটি কেন্দ্রেই শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হয়েছে এবং নৌকার প্রার্থী মোঃ রায়হান উদ্দিন শান্ত বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com