August 28, 2026, 12:18 pm
মহম্মদপুর (মাগুরা) সংবাদদাতা
দালালের খপ্পরে পড়ে খোয়া যাওয়া টাকা সাংবাদিকদের সহযোগিতায় ফিরে পেয়েছেন মাগুরার মহম্মদপুর উপজেলার কয়েকজন প্রতিবন্ধী। রোববার সকালে উপজেলা সদরের কৃষি ব্যাংকের সামনে থেকে এক দালকে হাতে নাতে ধরে ভ্রাম্যমান আদালতে তুলে দেন স্থানীয় সাংবাদিকরা।
ওই দিন ভাতা তুলতে গিয়ে দালালের খপ্পরে পড়েন আকছেদ মোল্যা নামে এক শারিরীক প্রতিবন্ধী। সাংবাদিকরা ওই দালালকে হাতেনাতে ধরলে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মো. রাসেলের আদালতে সোপর্দ করেন। পরে ভ্রাম্যমান আদলত তাকে ৫হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেন। ওই দালাল উপজেলার ঝামা বরকাতুল উলুম ফাজিল মাদ্রাসার লাইব্রেরীয়ান সৈয়দ আলমগীর টাকা নেওয়ার কথা স্বীকার করেন।
উপজেলার মান্দারবাড়িয়া গ্রামের মুনতাজ খানের ছেলে শারীরিক প্রতিবন্ধী আকছেদ মোল্যা অভিযোগ করেন, ‘কৃষি ব্যাংকে টাকা তোলার পর সার্টিফিকেট বের করতে টাকা লাগছে। ডাক্তারের সই দিতে টাকা লাগছে বলে ওই দালাল ৫ হাজার টাকা চায়। না দিলে হুমকি দেয়। বলে, তোর বাড়ি যেয়ে আদায় করে নেব। পরে সাংবাদিকদের জানালে তাদের সহযোগিতায় টাকা ফিরে পাই।’
ধরা পড়ার পর সাংবাদিকদের উপস্থিতিতে ওই দালাল উপজেলা সমাজসেবা অফিসের মাধ্যমে তিন প্রতিবন্ধীর থেকে নেওয়া টাকা ফেরত দিয়ে দেন।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাজী মো. জয়নুর রহমান জানান, আমার অফিসার স্টাফ এর সাথে জড়িত না। তারপরও তদন্ত পুর্বক যদি দোষী প্রমাণিত হলে আমরা ব্যবস্থা নেব।