August 9, 2026, 9:32 am

মোংলায় লুব অয়েল ট্রলার সহ ৩ চোরাকারবারী আটক

মোংলায় লুব অয়েল ট্রলার সহ ৩ চোরাকারবারী আটক

এম এইচ শান্ত  বাগেরহাট জেলা প্রতিনিধি

বাগেরহাট জেলা মোংলা সুন্দরবন সংলগ্ন   জয়মনি এলাকা থেকে প্রায় ২ হাজার লিটার লুব অয়েল, ৩৯টি ড্রাম ও একটি ট্রলারসহ ৩ চোরাকারবারীকে আটক করেছে কোস্ট গার্ড।

কোস্ট গার্ড পশ্চিম জোনের গোয়েন্দা কর্মকর্তা লে. কমান্ডার শাহরিয়ার পারভেজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোরে পশুর নদীর জয়মনির সাইলো সংলগ্ন এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড।

এ সময় অভিযানকারীরা ওই এলাকায় একটি ট্রলার আটক করেন। পরবর্তীতে ট্রলারটি তল্লাশি চালিয়ে ১ হাজার ৯৫০ লিটার লুব অয়েল ও তেল পাচার কাজে ব্যবহৃত ৩৯টি ড্রাম উদ্ধার করে।

এছাড়াও জব্দ করা হয়েছে চোরাকারবারীদের ট্রলারে থাকা সোলার প্যানেল, গ্যাস ও গ্যাসের চুলাসহ অন্যান্য মালামাল।

বন্দরের পশুর চ্যানেলে অবস্থানরত বিদেশি জাহাজ থেকে লুব অয়েল পাচারের অভিযোগে আটক করা হয় ট্রলারে থাকা চোরাকারবারী নিয়ামুল (২২), রফিকুল (২৫) ও হারুনকে (৩৫)। তাদের বাড়ি মোংলার কানাইনগর ও জয়বাংলা এলাকায়। মালামালসহ আটককৃতদেরকে রবিবার দুপুরে মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ডের এ কর্মকর্তা আরও বলেন, মোংলা বন্দরসহ সাগর ও সুন্দরবন উপকূলীয় এলাকায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, মৎস্য সম্পদ রক্ষা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণের পাশাপাশি চোরাচালানেও কোস্ট গার্ড জিরো টলারেন্স নীতি অবলম্বন করে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com