August 9, 2026, 12:04 pm
এম, রিদুয়ানুল হক, নিজস্ব প্রতিনিধি
কক্সবাজার জেলায় কাবিং সম্প্রসারণে জেলায় শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হয়েছে ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান চকরিয়া কোরক বিদ্যাপীঠ। বাংলাদেশ স্কাউট চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. বেলাল হোসেন স্বাক্ষরিত এক প্রত্রে এ তথ্য জানানো হয়েছে।
১২ আগস্ট চকরিয়া কোরক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক নুরুল আখের’র কাছে এ পত্র হস্তান্তর করা হয়।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে কাব স্কাউটিং (৪র্থ) পর্যায়ের প্রকল্পের আওতায় ২০১৯-২০২০ অর্থ বছরে কাবিং সম্প্রসারণে বিশেষ অবদান রাখায় চকরিয়া কোরক বিদ্যাপীঠ প্রাথমিক শাখাকে জেলার শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় নির্বাচন করা হয়েছে।
২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত সবচেয়ে বেশি শাপলা কাব তৈরি করায় এই বিদ্যালয়কে জেলায় শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় নির্বাচন করা হয়েছে বলেও এই পত্রে উল্লেখ করা হয়েছে।
এদিকে ২৬ আগস্ট (বুধবার) কাবিং সম্প্রসারণে বিশেষ অবদানের জন্য শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হওয়ায় কক্সবাজার জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন’র কাছ থেকে পুরস্কারের চেক গ্রহণ করেছেন চকরিয়া কোরক বিদ্যাপীঠ’র প্রধান শিক্ষক নুরুল আখের ও ইউনিট লিডার এস এম এরফানুল হক।
এবিষয়ে চকরিয়া কোরক বিদ্যাপীঠ’র প্রধান শিক্ষক প্রতিবেদককে জানান, প্রতিবছর আমার বিদ্যালয়ের প্রাথমিক ও মাধ্যমিক শাখার শিক্ষার্থীরা স্কাউটে সর্বোচ্চ সফলতা অর্জন করে আসছে। বিশেষ করে প্রাথমিক শাখার শিক্ষার্থীরা কাব স্কাউটিংএ ২০১৭ সাল থেকে কাবের সর্বোচ্চ অ্যাওয়ার্ড শাপলা কাব অ্যাওয়ার্ড পেয়ে আসছে। শুধু তাই নয়, ২০১৯ সালে কাব স্কাউটে চকরিয়া কোরক বিদ্যাপীঠ প্রাথমিক শাখা চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় হওয়ার গৌরব অর্জন করেছিল। এই সফলতার জন্য স্কুলের ইউনিট লিডার এস এম এরফানুল হককে আন্তরিক ধন্যবাদ জানান তিনি।
স্কুলের ইউনিট লিডার এস এম এরফানুল হক জানান, ২০১৭ সাল থেকে বর্তমান পর্যন্ত সবচেয়ে বেশি শাপলা কাব তৈরি করায় এই বিদ্যালয়কে জেলায় শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় নির্বাচন করা হয়েছে। ২০১৯ সালে চকরিয়া কোরক বিদ্যাপীঠের প্রাথমিক শাখার ক্ষুদে শিক্ষার্থীরা সর্বোচ্চ ৮ জন শাপলা অ্যাওয়ার্ড পেয়ে চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ঠ হওয়ার গৌরব অর্জন করেছিল। তিনি আরো বলেন- শুধু বিভাগ নয়, এই বিদ্যালয় একদিন দেশের শ্রেষ্ঠ বিদ্যালয় নির্বাচিত হবে। এবিষয়ে স্কুলের প্রধান শিক্ষকসহ সকল শিক্ষক-শিক্ষিকা মিলে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।
চেক বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা এডিসি শিক্ষা ও আইসিটি মোহাম্মদ আমিন আল পারভেজ, কক্সবাজার জেলা শিক্ষা অফিসার মোঃ সালেহ উদ্দিন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আসাদুজ্জামান, বাংলাদেশ স্কাউটস কক্সবাজার জেলা কমিশনার আ.ন.ম আজগর হোসাইন, বাংলাদেশ স্কাউটস কক্সবাজার জেলার সম্পাদক তপন কুমার শর্মা, বাংলাদেশ স্কাউটস কক্সবাজার জেলার কোষাধ্যক্ষ ফরিদুল আলম ও বাংলাদেশ স্কাউটস সহকারী পরিচালক (কক্সবাজার ও বান্দরবান জেলা) মোহাম্মদ শরীফ হোসেন।