August 9, 2026, 11:44 am
পেকুয়া প্রতিনিধি:
পেকুয়ায় এক কৃষককে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করা হয়েছে। এ সময় হামলাকারীরা ওই কৃষকের কাছ থেকে নগদ টাকা ও মুঠোফোনও লুট করে নিয়ে যায়। ২৪ আগস্ট (সোমবার) দুপুর ১২ টার দিকে উপজেলার টইটং ইউনিয়নের হাজির বাজারে এ ঘটনা ঘটে। হামলার শিকার কৃষকের নাম আজিজুর রহমান (৪৫)। তিনি টইটং ইউনিয়নের রমিজপাড়া ঢালারমুখ গ্রামের মৃত জাফর আলমের পুত্র। স্থানীয় সুত্র জানায়, ওই দিন দুপুরে কৃষক আজিজুর রহমান হাজী বাজারে সারের ডিলার নুরুচ্ছফা সওদাগরের দোকানে অবস্থান করছিলেন। আমন ফসলে জমিতে সার প্রয়োগ করতে ওই ব্যক্তি হাজী বাজারে সার নিতে গিয়েছিলেন। এ সময় হাজীবাড়ীর হাবিবুর রহমানের পুত্র জোবাইদুল্লাহ লিটন, টইটং মৌলভী হাসানের জুমের আবদুল কাদেরের পুত্র অলি আহমদসহ ৫/৬ জনের দুবৃর্ত্তরা তাকে ১ম দফায় কিল, ঘুষি মারে। এ সময় টানা হ্যাঁচড়া করে সামান্য উত্তর দিকে হাজী বাজারের একটি ফার্নিচারের দোকানে ঢুকিয়ে ফেলে। তারা তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে নগদ টাকা ও একটি এনড্রয়েড মুঠোফোন সেট নিয়ে ফেলে বলে কৃষক আজিজুর রহমান জানিয়েছে। প্রত্যক্ষদর্শী মোহাম্মদ হোছাইন, নাজেম উদ্দিন, আনোয়ার হোছাইন, রাসেল, নবাব মিয়াসহ আরো অনেকে জানান, হাজী বাজারের পরিবেশ মারাত্মক ভাবে বিপর্যস্ত হচ্ছে। এখানে বার বার ঘটনা হচ্ছে। আজিজুর রহমান সার কিনতে এসে হামলার শিকার হয়েছে। আজিজুর রহমান জানান, এর আগে অলি আহমদসহ ওই চক্র আমাকে কয়েকটি মিথ্যা মামলা দিয়েছে। ওই দিন লিটনকে নিয়ে আমার উপর হামলা চালায়। নগদ ২০ হাজার টাকা ও একটি ১৩ হাজার টাকার দামী বিদেশী মুঠোফোন ছিনিয়ে নিয়েছে। মুঠোফোনটি আমার ছেলে বিদেশ থেকে আমার জন্য পাঠিয়েছে। পেকুয়া থানার ওসি কামরুল আজম জানান, লিখিত অভিযোগ দিলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।