August 9, 2026, 6:38 am

বরিশালে অটোচালককে কুপিয়ে হত্যা

বরিশালে অটোচালককে কুপিয়ে হত্যা

বরিশাল প্রতিনিধি

বরিশাল নগরীর ২৫ নম্বর ওয়ার্ডের রূপাতলী রাড়ি বাড়ি মসজিদের সামনে মামুন মাতুব্বর (৪০) নামে এক অটোরিকশাচালককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।

শুক্রবার সন্ধ্যায় তাকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ঘাতক মো. রাব্বীকে আটক করেছে পুলিশ।

নিহত মামুন মাতুব্বর ওই এলাকার আল আমিন মৃধার বাড়ি দীর্ঘদিন ধরে ভাড়া থাকতেন। তিনি পটুয়াখালীর ছোট বিঘাই এলাকার সোবাহান মাতুব্বরের ছেলে।

নগরীর রূপাতলী বাস টার্মিনালের শ্রমিক নেতা ও সাবেক কাউন্সিলর সুলতান মাহমুদ জানান, আটক রাব্বী একজন মাদকাসক্ত। পূর্ব বিরোধের জের ধরে সন্ধ্যায় রাড়ি বাড়ি মসজিদের সামনে মামুনের সঙ্গে রাব্বীর বাদানুবাদ হয়। এক পর্যায়ে রাব্বী ধারালো অস্ত্র দিয়ে মামুনকে এলোপাথাড়ি কুপিয়ে আহত করে। স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে শেবাচিম হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মামুনকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় বাসিন্দা মো. রাসেল দাবি করেছেন, মাদক সেবনের টাকা না পেয়ে রাব্বী অটোচালক মামুনকে কুপিয়ে হত্যা করেছে।

কোতোয়ালী মডেল থানার ওসি মো. নুরুল ইসলাম জানান, পূর্ব বিরোধের জের ধরে মামুনকে কুপিয়ে হত্যা করা হয়। হত্যাকাণ্ডে রাব্বী একাই অংশ নেয়। ঘটনার পরপরই তাকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com