August 9, 2026, 11:42 am
এম, রিদুয়ানুল হক, নিজস্ব প্রতিবেদকঃ
লামা উপজেলার পাইন্যা ঝিরি এলাকায়
বিদ্যুতের তারে জড়িয়ে আব্দুর রহিম(২৪) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি কোমারী বাজার পাড়ার স্থায়ী বাসিন্দা মৃত রমিজ উদ্দিনের ছেলে। এছাড়াও তার এক সহযোগী আহত হয়েছেন। তিনি একই এলাকার আব্দুর শুক্কুরের ছেলে এনামুল হক(১৬)। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঐ এলাকার স্থায়ী বাসিন্দা চকরিয়া কোরক বিদ্যাপীঠের শিক্ষক এস এম এরফানুল হক।
স্থানীয়রা জানায়, আজ সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে পাইন্যা ঝিরি এলাকার সিরাজুল হকের বাড়িতে আম ও মাছ রক্ষার্থে দেয়া তারে জড়িয়ে আব্দুর রহিমের মৃত্যু হয়। অপরজন বিদ্যুতের তারে শর্ট খেয়ে মাটিতে পড়ে যায়। পরে সে বাড়িতে গিয়ে খবর দিলে তার পরিবারের লোকজন তাকে উদ্ধার করে। উদ্ধার করার পূর্বে তার মৃত্যু হয়েছে বলে জানান স্থানীয়রা। আহত ব্যক্তি বর্তমানে চকরিয়া সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এবিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান জাকির হোসেন মজুমদার জানান, হাতির আক্রমণ থেকে রক্ষার জন্য পাইন্যা ঝিরি এলাকার সিরাজুল হকের বাড়ির আম ও মাছ রক্ষার্থে বিদ্যুতের তার ঝুলিয়ে দেয়া হয়। ঐ তারে কোনো আর্থিং না দিয়ে সরাসরি বিদ্যুতের লাইন দেয়া হয়। ঐ তারে জড়িয়ে আজ সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে আব্দুর রহিম ঘটনাস্থলে নিহত ও এনামুল হক নামের অপরজন আহত হয়। তিনি আরো জানান, তারা দুইজন সিরাজুল হকের বাড়ির পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় এই দূর্ঘটনা ঘটে।