August 9, 2026, 8:41 am

১১ বছর আটকে রেখে যুবতীকে ধর্ষণ, ভণ্ড কবিরাজ আটক

১১ বছর আটকে রেখে যুবতীকে ধর্ষণ, ভণ্ড কবিরাজ আটক

গাজীপুর সংবাদদাতা

গাজীপুরে প্রায় ১১ বছর ঘরে আটকে রেখে এক যুবতীকে ধর্ষণ ও মারধরের দায়ে এক কবিরাজকে আটক করেছে র‌্যাব-১’র সদস্যরা। আটক কবিরাজের নাম হাজী মো: শামছুর রহমান (৫৫)। তিনি গাজীপুর সিটি কর্পোরেশনের বাসন থানাধীন চান্দনা রওশন সড়ক এলাকার মৃত আব্দুল গণির ছেলে।

সোমবার বিকেলে র‌্যাব-১’র পোড়াবাড়ী স্পেশালাইজ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে: কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন এ তথ্য জানিয়েছেন।

র‌্যাব-১ এর কোম্পানি কমান্ডার জানান, গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকার আন্ডার গ্রাউন্ড মার্কেটে গণি মিয়ার কবিরাজ ঘরে বসে বিভিন্ন মহিলাদের তাবিজ-তদবির করেন কবিরাজ হাজী মো: শামছুর রহমান। সেই সুবাদে প্রায় ১০/১১ বছর আগে পরিচয় হয় ভিকটিমের সাথে। খুলনার পাইক গাছা থানা এলাকার ওই যুবতী গাজীপুর মহানগরীর গাছা থানাধীন ইমনের বাড়িতে ভাড়া থাকেন। পরিচয়ের সূত্র ধরে তাদের মাঝে সম্পর্ক গড়ে ওঠে। এ সুযোগে ওই যুবতীকে বিয়ে না করেই ঘরে আটকে রেখে ধর্ষণ করেন ভণ্ড কবিরাজ শামছুর রহমান।

প্রায় ১১ বছর ধরে ধর্ষণের কারণে ভিকটিম ৫/৬ বার অন্তঃসত্তা হয়ে পড়েন। শামছুর রহমান বিষয়টি ধামাচাপা দিতে ভিকটিমকে ভয়ভীতি দেখিয়ে বারবার গর্ভপাত করান। বিষয়টি বাবা-মাকে জানাতে চাইলে ভিকটিমকে শারীরিকভাবে নির্যাতন করে ও ভয়ভীতি দেখায় ওই ভণ্ড কবিরাজ। রোববারও ওই যুবতীকে ঘরে আটকে রেখে একাধিকবার জোরপূর্বক ধর্ষণ করে ও ভয়ভীতি দেখায় শামছুর রহমান। এ গোপন সংবাদ পেয়ে ওইরাতে কবিরাজ হাজী মো: শামছুর রহমানকে আটক করে র‌্যাব-১’র পোড়াবাড়ি ক্যাম্পের সদস্যরা। এ ঘটনায় সোমবার ভিকটিম বাদী হয়ে জিএমপি’র গাছা থানায় মামলা দায়ের করেন।

র‌্যাব’র জিজ্ঞাসাবাদে আটক কবিরাজ হাজী শামছুর রহমান জানায়, তাদের দু’জনের বিবাহ হয়নি। কোনো কাবিনামাও নেই। দীর্ঘদিন যাবত ভিকটিমকে ভয় দেখিয়ে তার একটি বাসায় আটক রেখে ধর্ষণ করে আসছেন বলে স্বীকার করেন।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com