September 19, 2026, 11:31 am
খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে চালু হল ‘এক মিনিটের বাজার’। সোমবার সকালে মাটিরাঙা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে ‘এক মিনিটের বাজার’ এর উদ্বোধন করেন সেনাবাহিনীর গুইমারা রিজিওন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল শাহরিয়ার জামান।
এক মিনিটের বাজার থেকে অসহায় মানুষ বিনামূল্যে চাল, বরবটি, মিষ্টি কুমড়া, ঢেঁড়স, শসা, আলু, চিচিঙ্গাসহ বিভিন্ন ধরনে সবজিসহ নিত্য প্রয়োজনীয় পণ্য সংগ্রহ করতে পারছেন। জেলার প্রান্তিক কৃষকের কাছ থেকে ন্যায্য মূলে সরাসরি সবজি সংগ্রহ করে হতদরিদ্র মানুষের মাঝে বিতরণ করছে সেনাবাহিনী।
সামাজিক দূরত্ব নিশ্চিত করে প্রয়োজনীয় পণ্য সংগ্রহ করে হতদরিদ্ররা। প্রবেশ পথে ছিল জীবাণুনাশক বুথ ও হাত ধোয়ার ব্যবস্থা।
একই দিনে জেলার মানিকছড়ি রানী নীহারদেবী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠেও থরে থরে সাজানো হয় চাল, বরবটি, মিষ্টি কুমড়া, ঢেঁড়স, শসা, আলু, চিচিঙ্গাসহ বিভিন্ন ধরনে সবজি। নিজেদের চাহিদামত বাজার বিনামূল্যে সংগ্রহ করে হতদরিদ্র মানুষ। সেনাবাহিনীর এমন উদ্যোগে খুশি কর্মহীন হতদরিদ্র লোকজন।
এদিকে সেনাবাহিনীর কাছে সরাসরি সবজি বিক্রি করে দাম ভাল পেয়ে খুশি গুইমারা এলাকার প্রান্তিক কৃষকরা। কৃষকরা জানান, বাজারে নিয়ে গেলে সবজির তেমন দাম পায় না, সেনাবাহিনী আমাদের কাছ থেকে ন্যায্যমূল্যে সবজি কিনে নিয়েছে। এতে আমরা আর্থিকভাবে লাভবান হয়েছি।
গুইমারা সেনা রিজিওনের রিজিওন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শাহরিয়ার জামান, ‘কৃষকদের কাছ থেকে ন্যায্য মূলে সবজি ক্রয় করে তা বিনামূল্যে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে বিনামূল্যে বিতরণ করা হয়েছে। করোনা মহামারী ও ঈদকে সামনে রেখে সেনাবাহিনী এই কার্যক্রম চালু করেছে। হতদরিদ্র মানুষের সহায়তায় সেনাবাহিনীর মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।’