September 19, 2026, 11:30 am
শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় ত্রাণ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে বিল্লাল হোসেন বেপারি (৪২) নামে এক ব্যক্তিকে হাতুড়ি দিয়ে পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার রাতে গোসাইরহাট উপজেলার পৌরশহরের বিনোটিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
এ ঘটনায় নিহতের ছেলে হাসান বেপারি বাদী হয়ে গোসাইরহাট থানায় আটজনকে আসামি করে মামলা করেছেন।
নিহত বিল্লাল বেপারির চাচা রকমান বেপারী ও গোসাইরহাট থানাসূত্রে জানা গেছে, গোসাইরহাট উপজেলার পৌর এলাকার ৭নং ওয়ার্ড কাউন্সিলর হুমায়ুন কবীর সিকদারের সমর্থক বিল্লাল বেপারির সঙ্গে ত্রাণের তালিকা নিয়ে সকাল ৮টার দিকে কাদের বেপারির কথা কাটাকাটি হয়। ওই দিন রাত ৮টার দিকে কাদের বেপারির ছেলে ফেরদৌস লোকজন নিয়ে বিল্লাল বেপারিকে ফোন করে বিনোটিয়া দীঘিরপাড়ে ব্রিজের ওপর ঢেকে এনে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। তাকে রক্ষা করতে ছোট ভাই হোসেন বেপারি এগিয়ে গেলে তাকেও পিটিয়ে আহত করে।
স্থানীয়রা খবর পেয়ে বিল্লাল বেপারিকে উদ্ধার করে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে নিহতের ছেলে হাসান বেপারি অভিযোগ করেছেন, আমার বাবাকে আনিস বেপারি, কাদের বেপারি ও তার লোকজন হাতুড়ি দিয়ে পিটিয়ে খুন করেছে।
৭নং ওয়ার্ড কাউন্সিলর হুমায়ুন কবীর সিকদার বলেন, বিল্লালের কাছে কাদের বেপারি ত্রাণ চাইলে তিনি বলেছিলেন– আপনাকে ১০ টাকা কেজি চালের কার্ড দেয়া হয়েছে। আপনাকে ত্রাণ দিলে অন্যদের কি দেব! এ নিয়ে কথা কাটাকাটি করে বিল্লালকে হাতুড়ি দিয়ে পিটিয়ে খুন করেছে তারা। আমি এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
গোসাইরহাট থানার ওসি মোল্লা সোহেব আলী বলেন, রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশ উদ্ধার করে শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।