August 9, 2026, 7:47 am
পিরোজপুর সংবাদদাতা
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার তেলিখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড হরিণপালায় মৎস্য বিভাগ ও কোস্টগার্ডের সাথে স্থানীয় জেলেদের সংঘর্ষে হাজেরা বেগম (৫৫) নামের এক মহিলাসহ তিন জন গুলিতে আহত হয়েছেন। আহত অন্যরা হলেন মোতালেব হাওলাদার (৫৫) ও তার পুত্র শাহীন (২৮) হাজেরা বেগম হরিণপালা গ্রামের মৃত আব্দুল খালেকের স্ত্রী।
তেলিখালী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই নূর আমীন বিষয়টি নিশ্চিত করে জানান মঙ্গলবার দুপুরের দিকে মৎস্য বিভাগের নেতৃত্বে কোস্টগার্ড কচাঁ নদীতে অবৈধ বেন্দি ও কারেন্ট জালের বিরুদ্ধে অভিযানে নামে। এক পর্যায় তারা হরিণপালা গ্রামে এসে বেন্দি জাল উদ্ধারে নামে। এসময় গ্রামবাসী তাদের বাঁধা দিলে সংঘর্ষ শুরু হয়।
এক পর্যায় কোগার্ড গুলি চালালে হাজেরা বেগমসহ তিন জন আহত হন। গুরুতর আহত হাজেরা বেগমকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য দু’জনকে ভান্ডারিয়া হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
আহত শাহীন জানিয়েছেন, আমরা নদীতে জাল পাতিনাই আমাদের গ্রামে ঢুকে ঘর থেকে জাল নিতে আসলে বাঁধা দেই। তকন কোস্টগার্ড আমাদের ওপর নির্বিচারে গুলি চালায়। তবে কোস্টগার্ড ও মৎস্য অফিসারদের মোবাইল নম্বর বন্ধ থাকায় তাদের বক্তব্য তুলে ধরা গেলনা।