August 9, 2026, 9:54 am

চান্দিনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাই নিহত

চান্দিনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাই নিহত

চান্দিনা (কুমিল্লা) সংবাদদাতা (০৫ মে ২০২০)

কুমিল্লার চান্দিনায় পুকুর পাড়ের বৈদ্যুতিক খুঁটির টানা দেয়া তার নিয়ে টানাটানি করার সময় বিদ্যুতায়িত হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর ২টায় চান্দিনা উপজেলার মহিচাইল ইউনিয়নের বাতাবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন চান্দিনার বাতাবাড়িয়া গ্রামের আব্দুল আউয়ালের ছেলে আবু হানিফ (২২) ও আব্দুল মবিনের ছেলে ইউনুছ মিয়া (১৮)। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার মৎস্য ব্যবসায়ী আব্দুল হালিম এক্সিভেটর (ভ্যাকু) দিয়ে ওই স্থানে মৎস্য প্রজেক্ট করেন। ওই মৎস্য প্রজেক্টের পাশে থাকা বৈদ্যুতিক খুঁটির টানা তার ছিল প্রজেক্টে। এক্সিভেটর দিয়ে মাটি কাটার ফলে টানা তারের লক সহ (কাঠের টুকরো) উঠে যায়।

প্রত্যক্ষদর্শী অলিউল্লাহ জানান, মঙ্গলবার দুপুরে আবু হানিফ ও ইউনুছ মিয়া পুকুরে গোসল করার সময় পানিতে ভেসে থাকা বৈদ্যুতিক খুটির টানা তারের সাথে যুক্ত থাকা কাঠের টুকরো নিয়ে দুষ্টামীর ছলে টানাটানি শুরু করেন। এক পর্যায়ে ওই টানা তারটি মেইন তারের স্পর্শে বিদ্যুতায়িত হয়ে যায়। এতে বৈদ্যুতিক শকে তারা মারা যান।

পার্শ্ববর্তী বাড়ির লোকজন দেখে তাদেরকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার রোমানা আক্তার তাদের মৃত ঘোষণা করেন।

কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর এজিএম (টেকনিক্যাল) ইউনুছ আলী জানান, আমরা লাইন নির্মাণ করার সময় ওই টানা তার দিয়েছি। কেউ যদি সেটা উঠিয়ে ফেলে, আর সেটা যদি আমাদের কেউ না জানায় তা হলে আমাদের কি করার আছে।

চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো: আবুল ফয়সল জানান, বিষয়টি আমরা শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com