August 9, 2026, 8:39 am
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ১০ কেজি গাঁজাসহ তিন মাদকব্যবসায়ীকে আটক করা হয়েছে। রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার বটতলা ব্রীজসংলগ্ন এলাকা থেকে তাদের আটক করে পাকুন্দিয়া থানা পুলিশ।
আটককৃতরা হলেন, ভৈরবের চণ্ডিবের মধ্যপাড়া এলাকার হেলু মিয়ার ছেলে বিল্লাল হোসেন (২১), একই গ্রামের মৃত হযরত আলীর ছেলে সাকিব (১৯) ও ভৈরবপুর উত্তরপাড়া এলাকার জাকির হোসেনের ছেলে শাহজাহাল (২১)।
এ ঘটনায় পাকুন্দিয়া থানার এএসআই মো: ফজলুল হক বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বটতলা এলাকায় অভিযান পরিচালনা করেন পাকুন্দিয়া থানার এএসআই মো: ফজলুল হকের নেতৃত্বে একদল পুলিশ। এসময় মঠখোলার বটতলা ব্রীজ সংলগ্ন সড়কে চেকপোস্টের মাধ্যমে ওই তিনজনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাদের আটক করে থানায় নিয়ে আসা হয়।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মফিজুর রহমান বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।