August 9, 2026, 12:03 pm
রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা
নরসিংদীর রায়পুরার মির্জানগর থেকে আনিছ আহমেদ (১৮) নামে এক স্কুলছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ৮টায় পুলিশ খবর পেয়ে তার মরদেহটি খানাবাড়ি রেলওয়ে স্টেশনের সংলগ্ন হুগলাকান্দি টেকপাড়া ব্রিজ থেকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে।
আনিছ আহমেদ নেত্রকোণা সদর উপজেলার সিংহের বাংলা ইউনিয়নের গোলাপ মিয়ার ছেলে ও নেত্রকোণা সদরের শাহ জাহান একাডেমির এসএসসি পরীক্ষার্থী ছিলো। গত ১২/১৩ দিন আগে রায়পুরায় সৎ মায়ের বাপের বাড়ীতে আসে পিতার কাছে বেড়াতে। তার পিতা দ্বিতীয় বিয়ে করে উপজেলার উত্তর মির্জানগর গ্রামে বসবাস করে আসছিলেন।
এ ব্যাপারে আনিছের বড় ভাই মহসিন আজাদ জানান, আনিছ মানসিক রোগী ছিলেন। গত বছর এসএসসি পরীক্ষার আগে তার এ সমস্যা দেখা দেয়। তিনি আরো বলেন, আনিছ বাড়ি থেকে পর্যাপ্ত হাত খরচ না পেলে প্রায় আত্মহত্যার হুমকি দিতো।
এ ব্যাপারে আমিরগঞ্জ পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক অভিজিৎ চৌধূরী বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট আসার পর তার মৃত্যুর রহস্য জানা যাবে বলে তিনি জানান।