August 9, 2026, 10:54 am

চকরিয়ায় মহাসড়কের পাশ থেকে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

চকরিয়ায় মহাসড়কের পাশ থেকে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়ায় মহাসড়কের পাশ থেকে মো. লোকমান (৩০) নামে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নে মালুমঘাট রিংভং নতুন মসজিদ এলাকা থেকে চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এ কে এম শফিকুল আলম চৌধূরী ও উপপরিদর্শক (এসআই) আবদুল বাতেনের নেতৃত্বে একদল পুলিশ ওই যুবকের লাশটি উদ্ধার করেন।

নিহত মো. লোকমান কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের কালারমারপাড়া গ্রামের আবদুল মালেকের ছেলে। তিনি চট্টগ্রাম বন্দরে জাহাজ থেকে পণ্য উঠা নামার (শ্রমিক) কাজ করতেন বলে জানা গেছে।

স্থানীয় এলাকাবাসী সূত্র জানায়, সোমবার ভোর ৪টার দিকে মসজিদে ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় গুলিবর্ষণ শোনা যায়। এ সময় মহাসড়কের দিকে এগিয়ে গেলে সড়কের পাশে এক যুবকের গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখে স্থাণীয় লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে যুবকের মৃতদেহটি থানায় নিয়ে যায়।

নিহতের স্ত্রী রিফা আক্তার বলেন, চট্টগ্রাম বন্দরে শ্রমিক হিসেবে জাহাজ থেকে পণ্য উঠা নামার কাজ করতেন। রবিবার সকালে বেতন উত্তোলনের কথা বলে বাসা থেকে বের হওয়ার পর এদিন রাত পর্যন্ত তিনি আর বাসায় ফিরেননি। সোমবার সকালে চকরিয়ায় মহাসড়কের পাশ থেকে আমার স্বামীর গুলিবিদ্ধ লাশ উদ্ধারের খবর পাই।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, সোমবার ভোরে মহাসড়কের পাশ থেকে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধারের পর প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরী শেষে তার লাশ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কে বা কারা ওই যুবককে গুলি করে মহাসড়কের পাশে ফেলে গেছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি। ###

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com