August 9, 2026, 7:47 am

ঝালকাঠিতে বৈদ্যুতিক খুঁটির নিচে চাপা পড়ে শ্রমিকের মৃত্যু

ঝালকাঠিতে বৈদ্যুতিক খুঁটির নিচে চাপা পড়ে শ্রমিকের মৃত্যু

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির নলছিটিতে রাস্তার পাশে পল্লী বিদ্যুতের খুঁটি স্থানান্তরের সময় চাপা পড়ে সুজন (৪০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার দুপুরে উপজেলার ডহরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিক সুজন বরিশাল নগরীর পলাশপুর এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, পল্লী বিদ্যুতের নতুন সংযোগ দেয়ার জন্য ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক মহাসড়কের পাশে ডহরপাড়া গ্রামে বিদ্যুতের খুঁটি এনে রাখেন ঠিকাদার। বুধবার ওই খুঁটিগুলো বিভিন্ন স্থানে বসানোর জন্য ক্রেনে করে স্থানান্তর করছিলেন শ্রমিকরা।

হঠাৎ ক্রেন সরে গেলে দুই শ্রমিক নিচে চাপা পড়েন। এদের মধ্যে ঘটনাস্থলেই সুজনের মৃত্যু হয়। আহত অপর এক শ্রমিককে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয় ইউপি সদস্য ওয়ালিউল ইসলাম মিন্টু বলেন, চারজন শ্রমিক বিদ্যুতের খুঁটিগুলো স্থানান্তরের কাজ করছিলেন। হঠাৎ ক্রেন সরে গিয়ে এক শ্রমিক নিচে চাপা পড়ে মারা যান। আহত একজনের অবস্থাও আশঙ্কাজনক।

নলছিটি থানার এএসআই সুব্রত দাস বলেন, শ্রমিকের লাশ ময়নাতদন্তের পরে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com