August 9, 2026, 7:36 am
বিশ্বময় শান্তির চাবিকাঠি বিশ্ব মুসলিম ঐক্য, জলসায় আহমদিয়া মুসলিম জামাত, বাংলাদেশের জাতীয় আমীর।
শ্রেষ্ঠ নবী ও খাতামান্নাবেঈন হজরত মুহাম্মদ (সা.)-এর অতুলনীয় জীবনাদর্শ সকলের সামনে তুলে ধরার লক্ষ্যে বিভিন্ন ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের অংশগ্রহণে এবং বিশ্বের শান্তি কামনার মধ্য দিয়ে সুন্দরবনে আহমদীয়া মুসলিম জামাতের দু’দিন ব্যাপী জলসা ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশের জাতীয় আমীর আলহাজ্জ মাওলানা আব্দুল আউয়াল খান চৌধুরীর দোয়া পরিচালনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়।
সমাপ্তি বক্তব্যে জাতীয় আমীর স্পষ্ট করে বলেন, শান্তির চাবিকাঠি হল- বিশ্ব ঐক্য। মুসলমানদের মাঝে আজকে একটিই মাত্র অভাব রয়েছে আর তা হল ঐশী খলীফা। আজ বিশ্বব্যাপী কেবলমাত্র আহমদীয়া মুসলিম জামাতেই সেই একক ঐশী খলীফা বিদ্যমান। যার নেতৃত্বে হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ প্রকৃত ইসলামের কাজে রত এবং লাখ লাখ পথহারা মানুষ ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় নিচ্ছেন। তিনি বলেন-বিশ্বময় শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে আহমদীয়া মুসলিম জামাতের খলীফা দিনরাত চেষ্টা করে যাচ্ছেন। তিনি বিশ্বের শক্তিশালী রাষ্ট্রপ্রধানদের কাছে ইসলামের অনিন্দ্য সুন্দর শিক্ষা তুলে ধরছেন।
আহমদিয়া মুসলিম জামাতের জাতীয় আমীর তার বক্তব্যের শেষ দিকে সকল আহমদিকে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে নিজেদের জীবন পরিচালনার এবং আহমদিয়া খলীফার সকল আদেশ নিষেধ এর ওপর আমল করার আহ্বান জানান।
এছাড়া খাতামান্নাবেঈন হজরত মুহাম্মদ (সা.) এর অনুসরণের মাধ্যমেই যে কেবল মুক্তি লাভ সম্ভব এ বিষয়টিও পবিত্র কোরআনের আলোকে বক্তাগণ তুলে ধরেন। সেই সাথে খাতামান্নাবেঈন শব্দের যত অর্থ আছে সব অর্থেই মহানবী (সা.)কে আহমদীয়া মুসলিম জামাত যে খাতামান্নাবেঈন হিসেবে বিশ্বাস করেন ও মানেন সেই বিষয়টিও স্পষ্ট করা হয়।

দু’দিনের জলসায় দোয়া কবুলিয়ত আল্লাহতায়ালার অস্তিত্বের প্রমাণ, পবিত্র কোরআনের অতুলনীয় শ্রেষ্ঠত্ব ও কল্যাণ,সর্বকালের সর্বশ্রেষ্ঠ হজরত মুহাম্মদ (সা.), হজরত ইমাম মাহদী (আ.)-এর রসূল প্রেম, ঐশী খেলাফত মুসলিম ঐক্যের একমাত্র পথ, বিশ্বব্যাপী ইসলাম প্রচারে আহমদীয়া মুসলিম জামাত, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় আহমদীয়া খেলাফতের ভূমিকা, বর্তমান বিশ্বে প্রযুক্তির মাধ্যমে ইসলাম প্রচারের ওপর পর্যায়ক্রমে বক্তব্য রাখেন আলহাজ্জ শাহান শাহ আজাদ, মাওলানা শেখ মোস্তাফিজুর রহমান, মাওলানা শাহ মুহাম্মদ নুরুল আমীন, মাওলানা আরিফুর রহীম, মাওলানা আমির হোসেন, জি এম মোবারক আহমদ, ডা: এনামুর রহমান সাদাফ প্রমুখগণ।
শেষে মুসলিম বিশ্বের শান্তি কামনা করে দোয়া পরিচালনা করেন আহমদিয়া মুসলিম জামাতের জাতীয় আমীর। দু’দিন ব্যাপী এ জলসায় অত্র এলাকার কয়েক হাজার ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন।