September 20, 2026, 5:13 pm
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের মল্লিকপুর এলাকায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চারজনসহ মোট ছয়জন নিহত হয়েছেন।সোমবার ভোর সাড়ে ছয়টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানান ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুজ্জামান।
নিহতরা হলেন- বোয়ালমারী উপজেলার ছোলনা গ্রামের ডা. শরীফুল ইসলাম হাদী, তার মেয়ে তাবাসসুম, শ্যালিকা তাকিয়া, বোনের মেয়ে তানজু, তার এক বন্ধু পুলিশের উপ-পরিদর্শক ফারুক হোসেন ও মাইক্রোবাস চালক নড়াইলের নাহিদ। আহত ডা. শরীফুল ইসলামের স্ত্রী রিব্বি নারীকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুজ্জামান জানান, মামুন পরিবহনের একটি বাসের সঙ্গে বোয়ালমারী উপজেলা থেকে ঢাকায় যাওয়া একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের ছয়জন নিহত হন। ঘন কুয়াশা এই দুর্ঘটনার বড় কারণ বলে প্রাথমিকভাবে তিনি ধারণা করছেন।বাসের চালক পালিয়ে গেলেও বাসটিকে জব্দ করা হয়েছে।