August 9, 2026, 10:29 am

চিরিঙ্গা প্রধান সড়কে যানজট নিরসনে মতবিনিময় সভা

চিরিঙ্গা প্রধান সড়কে যানজট নিরসনে মতবিনিময় সভা

এম, রিদুয়ানুল হক, চকরিয়া:
চকরিয়া পৌরশহরে যানযট নিরসনে যাত্রীবাহি বাস মালিক সমিতি, শ্রমিক সমিতি, কাউন্টার মালিক সমিতি ও হকার সমিতির সাথে মতবিনিময় করেছেন চকরিয়া উপজেলা প্রশাসন ও পৌর প্রশাসন।

৫ জানুয়ারী (রবিবার) চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান’র সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চকরিয়া পৌর মেয়র আলমগীর চৌধুরী, চিরিঙ্গা ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন, চকরিয়া পৌর সচিব মাসউদ মোর্শেদ সহ সড়ক ও জনপদ বিভাগের প্রতিনিধি, সৌদিয়া, এসআলম, শ্যামলী, হানিফ, সেন্টমার্টিন, এনা পরিবহন বাস কাউন্টার ও মাইক্রো সহ সিএনজি, টমটম লাইন পরিচালনাকারী মালিক-শ্রমিক, হকার মালিক শ্রমিক নেতৃবৃন্দ। 

সভার সিদ্বান্তের আলোকে চকরিয়া পৌর মেয়র আলমগীর চৌধুরী জানিয়েছেন, আগামী ১১ জানুয়ারী থেকে চকরিয়া পৌরশহরের ফুটপাতে গড়ে উঠা অবৈধ দোকান-কাউন্টার উচ্ছেদ সহ পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে। এরপর ১৫ জানুয়ারী থেকে পুরাতন এসআলম কাউন্টারের আশেপাশে গড়ে উঠা বিভিন্ন যানবাহনের কাউন্টার উচ্ছেদ করে ঐ কাউন্টারগুলো চকরিয়া বাস টামিনালে স্থানান্তর প্রক্রিয়া শুরু করা হবে। এছাড়া বক্স রোড় অর্থাৎ এনসিসি ব্যাংক হতে থানা রাস্তার মাথা পর্যন্ত কোন ধরণের গাড়ি দাঁড়িয়ে থাকতে পারবে না। আর মার্কেটের সামনে কোন হকার বসানো যাবে না।

উপরোক্ত আদেশ কেউ অমান্য করলে তার বিরুদ্ধে যথাযথ আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন চকরিয়া উপজেলা প্রশাসন ও পৌর প্রশাসন।

মেয়র আলমগীর চৌধুরী বলেন, পৌরসভা থেকে মার্কেটের সামনে ফুটপাতে হকার বসাতে কাউকে কোন প্রকার ইজারা দেয়া হয়নি। চকরিয়া পৌর প্রশাসনের অন্তরালে ফুটপাতের হকার থেকে কেউ যদি অবৈধ অর্থ আদায় করে তাহলে সরাসরি পৌর প্রশাসনকে অবহিত করার জন্য অনুরোধ করেছেন মেয়র আলমগীর চৌধুরী।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com