August 28, 2026, 2:10 pm
এম, রিদুয়ানুল হক, চকরিয়া (কক্সবাজার):
৩১ ডিসেম্বর সারাদেশে জেএসসি ও জেডিসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। ঘোষিত ফলাফলে জেএসসিতে কক্সবাজার জেলায় ৩য় এবং চকরিয়া উপজেলায় ১ম স্থান দখল করেছে চকরিয়া কোরক বিদ্যাপীঠ। এই বিদ্যালয়ের পাশের হার ৯৯.৫৫% জিপিএ৫ পেয়েছে ৫৫ জন।
জেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মোট পরীক্ষার্থী ছিলো ২৩০জন। সবাই পাশ করেছে এবং জিপিএ ৫ পেয়েছে ১২৮জন। কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী ছিলো ২৩৭জন। এর মধ্যে পাশ করেছে ২৩৬জন এবং জিপিএ-৫ পেয়েছে ৮৬জন। অন্যদিকে চকরিয়া কোরক বিদ্যাপীঠে মোট পরীক্ষার্থী ছিল ৪১২ জন এবং পাশ করেছে ৪১০ জন (অসুস্থতার কারণে ২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি)।
চকরিয়া কোরক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক নুরুল আখের বলেন- আমার বিদ্যালয় থেকে ৪১২ জন পরীক্ষার্থী পরীক্ষা দেয়ার কথা থাকলেও ২ জন শিক্ষার্থী অসুস্থতার কারলে পরীক্ষায় অংশ নিতে পারেনি। যার কারণে পাশের হার সামান্য কমে গেছে। অন্যথায় আমরা শতভাগ পাশ করতে পারতাম। তিনি মহান সৃষ্টিকর্তার শোকরিয়া আদায় করে বলেন এই ফলাফলে আমরা খুশি। এই ফলাফলের জন্য তিনি ম্যানেজিং কমিটি, শিক্ষক-শিক্ষিকা মন্ডলী, অভিভাবক-অভিভাবিকা মন্ডলীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এছাড়াও পিইসিইতে চকরিয়া কোরক বিদ্যাপীঠ চমক সৃষ্টি করে ৫৮ জন জিপিএ ৫ সহ শতভাগ পাশ করেছে।