August 9, 2026, 12:50 pm

দুর্ভাগ্য, যার ঘোষণায় দেশ স্বাধীন তার স্ত্রী আজ কারাগারে: মির্জা ফখরুল

দুর্ভাগ্য, যার ঘোষণায় দেশ স্বাধীন তার স্ত্রী আজ কারাগারে: মির্জা ফখরুল

সাভার (ঢাকা) প্রতিনিধি

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অলিখিত ঘোষণার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দুর্ভাগ্য যার ঘোষণায় মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন হয়েছিল তার স্ত্রী আজ কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে।

বিজয় দিবস উপলক্ষে সোমবার সকাল ১০টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল দু:খ করে বলেন, সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে, যিনি স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন আজ তার সহধর্মিনী খালেদা জিয়া যিনি মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে বন্দি ও নির্যাতিত হয়েছিলেন তাকে কারাগারে আটকে রাখা হয়েছে।

গণতন্ত্রের জন্য খালেদা জিয়ার আন্দোলন-সংগ্রামের কথা তুলে ধরে তিনি বলেন, খালেদা জিয়া দীর্ঘ ৯ বছর স্বৈরাচারবিরোধী আন্দোলনে গণতন্ত্রের জন্য লড়াই ও সংগ্রাম করেছিলেন। তিনি জনগণের ভোটে তিনবার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। দুবার বিরোধীদলীয় নেত্রী ছিলেন। গণতন্ত্রের জন্য লড়াই করতে গিয়ে আজ অন্যায় ও নির্মমভাবে তাকে কারাগারে আটকে রাখা হয়েছে।

মির্জা ফখরুল আরও বলেন, আমরা ৯ মাস যুদ্ধ করে আজকের এই দিনে একটি স্বাধীন ভূখন্ড পেয়েছিলাম। এই যুদ্ধের মূল চেতনা ছিল গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা, গণতান্ত্রিক সমাজব্যবস্থা। কিন্তু দুর্ভাগ্যের কথা আজ ৪৯ বছর পরে এই দেশ সম্পূর্ণভাবে গণতন্ত্রবিহীন হয়ে পড়েছে। এই দেশে আজ মানুষের কোন অধিকার নেই, ঠোঁটের অধিকার নেই, কথা বলার অধিকার নেই। গণতান্ত্রিক অধিকারগুলো হরণ করা হয়েছে। এমনকি মানুষের ন্যূনতম মৌলিক অধিকারগুলোও আজ হরণ করা হয়েছে।

খালেদা জিয়াকে মুক্ত করার প্রত্যয় ব্যক্ত করে বিএনপি মহাসচিব বলেন, আমরা আজকের এই দিনে শপথ গ্রহণ করছি, যে চেতনার ভিত্তিতে আমরা মুক্তিযুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিলাম, সেই চেতনাকে সামনে নিয়ে সব জনগণকে ঐক্যবদ্ধ করে গণতন্ত্রকে মুক্ত করব, দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করব।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আবদুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, ঢাকা জেলা বিএনপির সভাপতি ডা. দেওয়ান সালাউদ্দিন বাবু, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু ও স্বেচ্চাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূইয়া জুয়েল প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com