August 9, 2026, 12:04 pm

দৈনিক সংগ্রামের সম্পাদকের ৩ দিনের রিমান্ড মঞ্জুর

দৈনিক সংগ্রামের সম্পাদকের ৩ দিনের রিমান্ড মঞ্জুর

ডিএন২৪ ডেস্ক: ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় গ্রেফতার দৈনিক সংগ্রামের সম্পাদক আবুল আসাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ শনিবার ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মইনুল ইসলাম তার তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে শুক্রবার রাতে হাতিরঝিল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় সাংবাদিক আবুল আসাদেকে গ্রেফতার করে পুলিশ।

বার্তা সংস্থা ইউএনবি’কে তেজগাঁও পুলিশের উপ-কমিশনার মো. আনিসুর রহমান জানান, ৩৬ নম্বর ওয়ার্ডের মুক্তিযোদ্ধা কমান্ডার আফজাল হোসেনের ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

বৃহস্পতিবার ‘দৈনিক সংগ্রামে’ প্রকাশিত এক প্রতিবেদনে একাত্তরে মানবতাবিরোধী অপরাধে ফাঁসি কার্যকর হওয়া কাদের মোল্লাকে ‘শহীদ’ হিসেবে উল্লেখ করা হয়।

এতে ক্ষুব্ধ হয়ে শুক্রবারই পত্রিকাটির কার্যালয় ভাঙচুর করে মুক্তিযোদ্ধা মঞ্চের একদল নেতাকর্মী।

মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সেক্রেটারি আল মামুনের নেতৃত্বে নেতা–কর্মীরা বিকেল ৫টার দিকে কার্যালয়ের সামনে জড়ো হয়ে প্রায় এক ঘণ্টা ভাঙচুর চালায়। তারা কার্যালয়ে ঢুকে বেশ কয়েকটি টেলিভিশন, কম্পিউটার ও আসবাবপত্র ভাঙচুর করে।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দৈনিক সংগ্রামের সম্পাদক আবুল আসাদকে হাতিরঝিল থানায় নিয়ে যায়।

প্রসঙ্গত একাত্তরে যুদ্ধাপরাধের দায়ে ২০১৩ সালের ১২ ডিসেম্বর ফাঁসি কার্যকর করা হয় কাদের মোল্লার। তিনি জামায়াতে ইসলামীর সহকারী মহাসচিব ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com