August 9, 2026, 2:09 pm
নরসিংদী প্রতিনিধি
নরসিংদীতে মজুরি কমিশন, বকেয়া বেতন, চাকরি স্থায়ীকরণসহ ১১ দফা দাবি আদায়ে টানা ৪র্থ দিনের মতো শ্রমিকদের আমরণ অনশন কর্মসূচি চলছে। শীত ও কুয়াশা উপেক্ষা করে খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন শ্রমিকরা।
এছাড়া শ্রমিকদের আমরণ অনশনে খুলনা প্লাটিনাম জুবলী জুটমিলের শ্রমিক আব্দুর সাত্তার মারা যাওয়ায় তার স্মরণে কালো ব্যাচ ধারণ, গায়েবি জানাজা ও দোয়াসহ বেশ কয়েকটি কর্মসূচি হাতে নিয়েছে।
এদিকে অনশনের ফলে বেশ কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। শ্রমিকদের ন্যায্য ও যৌক্তিক দাবি আদায়ে তাদের খোঁজখবর নিয়ে পাশে দাঁড়িয়েছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ও রাজনৈতিক সংগঠন।
শুক্রবার সকাল ১০টার দিকে বাংলাদেশ ইসলামী শ্রমিক আন্দোলন (চরমোনাই অনুসারী) নরসিংদী জেলার শাখার নেত্রীবৃন্দ ইউএমসি পাটকল শ্রমিকদের দাবির সঙ্গে একাত্বতা প্রকাশ করেন। এ সময় তারা শ্রমিকদের দাবি মেনে নেয়ার জন্য সরকারের কাছে অনুরোধ জানান।
এর আগে শ্রমিকদের সমবেদনা জানিয়ে সংহতি প্রকাশ করেছেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাজহারুল পারভেজ, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও জেলা জাতীয় পার্টির সভাপতি মো. শফিকুল্ ইসলাম, জেলা মানব অধিকার কমিশনের নরসিংদী জেলা কমিটির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মঞ্জুর এলাহী।
অনশনে উপস্থিত ছিলেন ইউএমসি জুট মিলের সিবিএ সভাপতি শফিকুল ইসলাম মোল্লা, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, কাউছার আহাম্মেদ, সুমন খন্দকার, জাকির হোসেন, নন সিবিএ পরিষদের সাবেক সভাপতি আনিসুর রহমান, মোশারফ হোসেন, কাউয়ুম প্রধান, শামসুল আরেফিন, ইসা হাবিব রিপন সরকারসহ ঐক্য পরিষদের নেতৃবৃন্দ ছাড়াও মিলের সাধারণ নারী-পুরুষ শ্রমিক।
অনশনে ইউএমসি জুট মিলের শ্রমিক মো. আনোয়ারুল হক সোহাগ বলেন, দিন দিন শ্রমিকদের মধ্যে অসুস্থের হার বাড়ছে। এর মধ্যে হাসপাতালে ভর্তি বিল্লাল নামে এক শ্রমিক ওষুধ খাচ্ছে না। দাবি আদায় না হওয়া পযর্ন্ত সে কিছুই মুখে দেবে না বলে জেদ ধরে আছে।
নন সিবিএ সাবেক সহ-সাধারণ সম্পাদক শামসুল আরেফিন বলেন, ৪ দিন যাবৎ অনশন চলছে। সরকারের পক্ষ থেকে এখনাও আমাদের সঙ্গে কথা বলতে আসেনি।
উল্লেখ্য, বকেয়া মজুরি কমিশন, পিএফের টাকা প্রদান ও বদলি শ্রমিকদের স্থায়ীকরণ, মজুরি কমিশনসহ গত মাসের ২৩ তারিখ থেকে ১১ দফার দাবিতে আন্দোলন করছে। অনশনে ইউনাইটেড-মেঘনা-চাঁদপুর (ইউএমসি) জুট মিলের স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে প্রায় ৫ হাজার শ্রমিক রয়েছেন।