August 9, 2026, 10:30 am
কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের কোরালখালী এলাকায় শতবছরের প্রবাহমান কদ্দাছড়া নামের একটি শাখাখাল ভরাটের মাধ্যমে আওয়ামীলীগ নেতার ব্যক্তিগত বসতভিটা সম্প্রসারণের অভিযোগ উঠেছে। নবী চৌধুরী নামের এই আওয়ামীলীগ নেতা বেশ ক’দিন যাবত স্কেভেটর দিয়ে মাটি কেটে শাখা খালের একটি অংশ ভরাট করে চলছেন। এ কারণে উপজেলার গুরুত্বপুর্ণ চিরিঙ্গা-বদরখালী-মহেশখালী ব্যস্ততম সড়কের পাশের এই শাখাখালটি সংকুচিত হয়ে যাচ্ছে। এতে বর্ষামৌসুমে ইউনিয়নের একটি বিশাল জনপদের পানি চলাচলে চরম বিঘœ সৃষ্টি হবে বলে আশঙ্কা করছেন স্থানীয় জনপ্রতিনিধিসহ এলাকাবাসি।
স্থানীয় পরিবেশ সচেতন মহল দাবি করেছেন, পরিবেশ আইনে প্রবহমান নদী, শাখাখাল ও জলাধার ভরাট করা নিষিদ্ধ রয়েছে। সেখানে প্রকাশ্যে স্কেভেটর দিয়ে মাটি কেটে শতবছরের কদ্দাছড়া নামের শাখা খালটি ভরাটের মাধ্যমে ব্যক্তিগত বসতভিটা সম্প্রসারণ করা হচ্ছে। এ অবস্থার কারণে শাখাখালটি সংকুচিত হয়ে যাচ্ছে।
স্থানীয় এলাকাবাসি অভিযোগ করেছেন, নবী চৌধুরী এলাকায় প্রভাবশালী ও আওয়ামীলীগ নেতা। সে কারণে তিনি স্কেভেটর দিয়ে মাটি কেটে শতবছরের শাখা খালটি ভরাট করলেও আমরা ভয়ে প্রতিবাদ করতে সাহস পাচ্ছিনা।
এদিকে বৃহস্পতিবার বিকালে বিষয়টি স্থানীয় লোকজন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুদ্দিন মুহাম্মদ শিবলী নোমানকে অবহিত করেন। এরপর তিনি বিষয়টি দেখতে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. তানভীর হোসেনকে নির্দেশ দেন। পরবর্তীতে সন্ধ্যার দিকে তাৎক্ষনিক ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন তিনি।
চকরিয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. তানভীর হোসেন বলেন, ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্কেভেটর দিয়ে মাটি কেটে শাখা খাল ভরাটের প্রমাণ পাওয়া গেছে। তাই সেখানে কোন ধরণের ভরাট কাজ না করতে নির্দেশ দেওয়া হয়েছে। জমির কাগজপত্র নিয়ে উপজেলা ভূমি অফিসে উপস্থিত হওয়ার জন্য বলা হয়েছে। কথার সঙ্গে কাগজের মিল থাকলে ভালো। অন্যথায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
জানতে চাইলে অভিযুক্ত নবী চৌধুরী ভরাট করা ওই জায়গা তাদের খতিয়ানভুক্ত বলে দাবি করেছেন। ##