August 28, 2026, 2:41 pm

অস্ত্র মামলায় কাউন্সিলর মঞ্জুর বিরুদ্ধে চার্জশিট

অস্ত্র মামলায় কাউন্সিলর মঞ্জুর বিরুদ্ধে চার্জশিট

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: অস্ত্র আইনের মামলায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ময়নুল হক মঞ্জুর বিরুদ্ধে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করা হয়েছে। মঙ্গলবার ঢাকার হাকিম আদালতে এ চার্জশিট দাখিল করা হয়।

এর আগে সোমবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিল মো. তারেকুজ্জামান রাজীবের বিরুদ্ধে অস্ত্র আইনের মামলায় আদালতে চার্জশিট দাখিল করা হয়।

আদালত সূত্র জানায়, গত ৩১ অক্টোবর দুপুরে রাজধানীর টিকাটুলিতে নিজ কার্যালয় থেকে কাউন্সিলর মঞ্জুকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তার কাছ থেকে অস্ত্র ও মাদক উদ্ধারের ঘটনায় দুটি মামলা হয়।

র‌্যাব-৩-এর ডিএডি ইব্রাহিম হোসেন বাদী হয়ে রাজধানীর ওয়ারী থানায় এ দুটি মামলা করেন। গত ১ নভেম্বর অস্ত্র ও মাদক আইনের পৃথক দুই মামলায় আসামির পাঁচদিন করে মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

মঞ্জুর বিরুদ্ধে চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাদক-ক্যাসিনো ব্যবসাসহ নানা অভিযোগ রয়েছে। রিমান্ড শেষে গত ১২ নভেম্বর তাকে কারাগারে পাঠানো হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

এর আগে অস্ত্র মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন সম্রাট, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়া, কথিত যুবলীগ নেতা প্রবাবশালী ঠিকাদার গোলাম কিবরিয়া শামীম (জিকে শামীম) ও কলাবাগান ক্রীড়াচক্রের সভাপতি কৃষক লীগ নেতা শফিকুল আলম ফিরোজের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। এ সব মামলার নথিপত্র ঢাকা মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com