August 9, 2026, 2:10 pm

‘শিশুদের ওপর লেখাপড়ার বোঝা চাঁপিয়ে দেবেন না’

‘শিশুদের ওপর লেখাপড়ার বোঝা চাঁপিয়ে দেবেন না’

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

শিশু শিক্ষার্থীদের ওপর লেখাপড়ার বোঝা চাঁপিয়ে না দিতে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

বুধবার সকালে কেরানীগঞ্জের আমবাগিচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পিএসপি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এ আহ্বান জানান।

এ সময় প্রতিমন্ত্রী আরও বলেন, অনেক অভিভাবক আছেন, যারা মনে করেন জিপিএ ফাইভ না পেলে সন্তান ভালো ফল করেনি। এ জন্য কোচিং থেকে শুরু করে সারাক্ষণ শিক্ষার্থীদের চাঁপের ওপর রাখেন। এটি ঠিক নয়। এতে শিশুর মানসিক বিকাশ বিঘ্নিত হতে পারে।

প্রতিমন্ত্রী বলেন, পিএসপি পরীক্ষার ফল আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হচ্ছে- শিশুটি পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে আগামীতে যে প্রতিযোগিতামূলক কাজে অংশ নেবে সেটির অভ্যাস গড়ে তোলা।

এ জন্য আমরা পিএসপি পরীক্ষা বাতিল করিনি। তিনি আরও বলেন, ২০৪১ সালে আমরা যে উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখছি, আজকের শিক্ষার্থীরাই হবে সেই বাংলাদেশ নির্মাণের কারিগর।

এর আগে প্রতিমন্ত্রী বেলা ১১টায় কেরানীগঞ্জের জিনজিরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা অধিদফতরের উপপরিচালক মো. ইফতেখার হোসেন ভূঁইয়া, কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেব নাথ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলেয়া ফেরদৌস শিখা, উপজেলা সহকারী কমিশনার কামরুল হাসান সোহেল, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাজেদা সুলতানা প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com