August 28, 2026, 12:28 pm
যশোর জেলা প্রতিনিধি।। যশোরের ৮ উপজেলার ছাগল ও ভেড়ার প্রাণঘাতী পিপিআর রোগমুক্ত করার লক্ষ্যে প্রায় ১০ লক্ষ ছাগল ও ভেড়াকে টিকা দেওয়া হচ্ছে। ইত্যেমধ্যে ঝিকরগাছা উপজেলায় ৭৩ হাজার ও শার্শা উপজেলাতে প্রায় ৮০ হাজার ছাগলকে টিকা দেওয়া চলমান রয়েছে। পর্যায়ক্রমে জেলার সকল উপজেলায় এই টিকা দেওয়া হবে। এ তথ্য নিশ্চিত করেছেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. ভবতোষ কান্তি সরকার।
জেলা প্রাণিসম্পদ অফিস সূত্র মতে, পিপিআর ছাগল ভেড়ার একটি মারাত্মক সংক্রামক রোগ। এ রোগে প্রতিবছর অনেক ছাগল-ভেড়া মারা যায়। যশোরে চলতি বছরের জুলাই মাসে ১৫৮টি ছাগল আক্রান্ত হয়। এরমধ্যে ১৭টি মারা গেছে। আগস্ট মাসে আক্রান্ত ৫৭০টি ছাগলের মধ্যে মারা যায় ৭০টি। সেপ্টেম্বর মাসে ১ হাজার ৫৪টি আক্রান্ত মধ্যে ২৪টি ছাগলের মৃত্যু হয়েছে।
শার্শা উপজেলার ডিহি গ্রামের রফিকুল ইসলাম বলেন, পিপিআর রোগ মূলত ছোঁয়াছে রোগ। তার নিজের একটি ছাগলের এই রোগ হয়। কিন্তু সপ্তাহ দুয়েক পর বাকী তিনটা ছাগল পিপিআর রোগে আক্রান্ত হয়।উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জয়দেব কুমার সিংহ জানান, পিপিআর টিকাদান কর্মসূচি সফল করার জন্য প্রাণিসম্পদ কর্মকর্তা, স্বেচ্ছসেবীসহ ৬০ জন টেকনিশিয়ান দায়িত্ব পালন করছেন। প্রতিটি গ্রামে প্রচার-প্রচারণা ও টিকাদানের তারিখ নির্ধারণ করে মাইকিং করা হচ্ছে।
এ বিষয়ে যশোর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ভবতোষ কান্তি সরকার বলেন, যশোর জেলায় এই রোগের প্রাদুর্ভাব রয়েছে। প্রাণঘাতী পিপিআর রোগের ভাইরাসে আক্রান্ত হলে ৫০ থেকে ৯০ শতাংশ পর্যন্ত ছাগল ভেড়া মারা যায়। সাধারণত কুরবানির সময় দেশের বিভিন্ন জায়গা থেকে প্রাণী এই জেলায় আসায় এই রোগ ছড়ায়। যশোর জেলা ও প্রাণী সম্পদ দপ্তর যশোর জেলায় প্রায় ১০ লাখ ছাগল ও ৫ হাজার ভেড়াকে পিপিআর রোগের টিকা দেওয়া হবে। ইতোমধ্যে ঝিকরগাছা টিকা দেওয়া সম্পন্ন হয়েছে। শার্শা উপজেলাতে চলমান রয়েছে। এই রোগ থেকে ছাগল-ভেড়াকে মুক্ত রাখতে জেলার ৮ উপজেলায় সকল ছাগল ভেড়া এই টিকা কার্যক্রম আওতায় আনা হবে।