August 9, 2026, 10:36 am

ঠাকুরগাঁওয়ে জনতার গণপিটুনি খেল পুলিশ

ঠাকুরগাঁওয়ে জনতার গণপিটুনি খেল পুলিশ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
ঠাকুরগাঁও সদর থানার মোশারফ হোসেন নামে এক কনস্টেবল ইয়াবা ট্যাবলেট ক্রয়ের সময় জনতা গণপিটুনি দিয়ে পুলিশের কাছেই সোপর্দের চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে।

রবিবার (১৩ অক্টোবর) রাত ১১ টায় ঠাকুরগাঁও সদর উপজেলার সত্যপীর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। ঠাকুরগাঁও পুলিশ সুপার মনিরুজ্জামান এ ঘটনায় অভিযুক্ত কনস্টেবল মোশারফকে ক্লোজ করে পুলিশ লাইনে দিয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পুলিশ কনস্টেবল মোশারফ রাত ১০ টায় জেলা শহরের সত্যপীর ব্রিজ এলাকায় এক ব্যক্তির কাছে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করতে গেলে বাকবিতণ্ডা তৈরি হয়। এ সময় স্থানীয় লোকজন বিষয়টা জানতে পারলে ওই পুলিশ সদস্যকে ধরে ফেলে। পুলিশ সদস্য তখন ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে জনতা ধরে ফেলে বেধড়ক মারপিট করে পুলিশে খবর দেয়।

পরে পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থলে এসে ওই সদস্যকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী জীবন জানায়, পুলিশ সদস্য মোশারফ প্রতিনিয়ত নেশাগ্রস্থ হয়ে সত্যপীর ব্রিজ এলাকায় চাঁদাবাজিসহ সাধারণ মানুষকে হয়রানি করে। অনেক সময় ইয়াবা ট্যাবলেট পকেটে ঢুকিয়ে দিয়ে মানুষের কাছে মোটা অংকের টাকা জিতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।

অভিযুক্ত পুলিশ সদস্য মোশারফের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি অস্বীকার করেন।

ঠাকুরগাঁও সদর থানার ওসি আশিকুর রহমান জানান, ঘটনাস্থল থেকে ওই পুলিশ সদস্যকে উদ্ধার করা হয়েছে। মাদকের বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com